সোনিকাকে নিয়ে ১০৫ কি.মি. বেগে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনার দিন মডেল সনিকা সিংহ চৌহানকে নিয়ে ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার ভারতের অন্যতম বাংলা দৈনিক আনন্দবাজারের অনলাইন প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বিক্রম প্রবল গতিতে গাড়ি চালিয়েছিলেন। প্রতি ঘণ্টায় যার গতিবেগ ছিল প্রায় ১০৫ কিলোমিটার। বিক্রমের গাড়িটির প্রস্তুতকারী সংস্থা ডিভাইস পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্রম মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ উড়িয়ে দেন বিক্রম। পরে একটি ভিডিওচিত্রে দেখা যায়, সেই রাতে বিক্রমের হাতে ধরা ছিল পানীয়ের গ্লাস। পরে পুলিশি জেরায় বিক্রম মদ্যপানের কথা স্বীকার করেন। পাশাপাশি তিনি দাবি করেন, মদ্যপান করলেও গাড়ি চালানোর মতো অবস্থায় তিনি ছিলেন। এ ছাড়া গাড়ির গতিও নিয়ন্ত্রণে ছিল বলে বিক্রম জানিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আজ এ ঘটনায় আলিপুর আদালতে গোপনে জবানবন্দী দিয়েছেন চারজন প্রত্যক্ষদর্শী।

এদিকে বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকার মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন তাঁদের বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়। গতকাল বুধবার অনিন্দ্য চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকার অনলাইনে এ নিয়ে একটি লেখা লিখেন। তিনি লিখেছেন, ‘সে দিন রাত সোয়া দুইটার সময় আমার দিকে হাতটা তুলে বাই বলেছিল সনিকা। সঙ্গে বিক্রমও ছিল। আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের পানশালাতে ওটাই যে সনিকার সঙ্গে আমার শেষ দেখা, তা ভাবতেই পারিনি। বিক্রমও বাই বলেছিল। তার পরেই ওরা বেরিয়ে পড়ে। পরের দিন দুপুরে খবরটা পেয়েছিলাম। সনিকা আর নেই। মারাত্মক একটা কষ্ট হয়েছিল। সেই কষ্টটা এখনো পাচ্ছি। ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি। আজ মনে হচ্ছে, বলাটা প্রয়োজন। মুখ খোলাটা জরুরি।’

অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘বিক্রমের দিকে আঙুল তোলা আমার লক্ষ্য নয়। ও আমার ভালো বন্ধু। সনিকাও দীর্ঘদিন ধরেই আমার বন্ধু। বছর পাঁচেক ধরে ওর সঙ্গে আমার পারিবারিক যোগাযোগ। হ্যাঁ, সেদিন বিক্রমকে আমি মদ খেতে দেখেছিলাম। কিন্তু কখনই ওকে দেখে মনে হয়নি, ও অপ্রকৃতিস্থ।

গত ২৯ এপ্রিল দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে সড়ক দুর্ঘটনায় অভিনেতা বিক্রম আহত হন। এ সময় গাড়িতে তাঁর পাশে থাকা মডেল সনিকাও আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান।