সোহার দেখভালে ভাবি কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা-কুনালের বিয়েতে (বাঁ থেকে) সাইফ, সোহা, কুনাল ও কারিনা
সোহা-কুনালের বিয়েতে (বাঁ থেকে) সাইফ, সোহা, কুনাল ও কারিনা

নবাব খানদানের আদরের মেয়ে সোহা আলী খান সন্তানসম্ভবা। এখন সোহার দেখভালের দায়িত্ব নিয়েছেন তাঁর আদরের ভাবি কারিনা। সদ্য মা হওয়া নবাব খানদানের বেগম এ বিষয়ে এখন অভিজ্ঞ। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী সোহা আলী খান বলেন, ‘আমি এখন কারিনার পরামর্শমতো চলছি। কারিনা তাঁর গর্ভাবস্থায় সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করেছে। আমিও সেই পথে চলতে চাই। আমি সব সময় ওকে ফোন করে মাতৃত্ব সম্পর্কিত নানা টিপস নিই। কী খাব, কী খাব না, কী করা উচিত, কী করা উচিত নয়—সবকিছুই কারিনাকে জিজ্ঞেস করে করি। ও আমাকে ভীষণ সুন্দরভাবে গাইড করছে।’ বলিউড সুন্দরী আরও বলেন, ‘আমি এখন নিয়মিত যোগব্যায়াম করছি। কারিনা আমাকে বলেছে, এই সময় নিজের ফিগারের কথা না ভেবে শুধু নিজের সন্তানের কথা ভাবো। তাই ডায়েট না করে পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবার খাও। প্রাণ খুলে খাও। আমি ওর কথামতো চলছি।’

সোহা তাঁর স্বামী বলিউড অভিনেতা কুনাল খেমু প্রসঙ্গে বলেন, ‘আমাদের বিবাহিত জীবনের বয়স দুই বছর হলেও আমাদের ভালোবাসার বয়স নয় বছর। কুনালের মতো বন্ধু, প্রেমিক, স্বামীকে পেয়ে আমি গর্বিত। এই সময় ও আমার ভীষণ খেয়াল রাখছে। আমার নানা আবদার মেটাচ্ছে। আমরা দুজনেই জীবনের এই সুন্দর অধ্যায়টা দারুণ উপভোগ করছি।’ এ বিষয়ে কুনাল বলেন, ‘জীবনের এই সবচেয়ে সুন্দর সফরে আমি সোহার সঙ্গী মাত্র। মাতৃত্বের কষ্ট-যন্ত্রণার ভার ওকেই বহন করতে হচ্ছে। তবে আমাদের সন্তান পৃথিবীতে এলে আমি সব রকমভাবে সোহার পাশে দাঁড়াতে পারব।’