সোহার 'সাধ'

পতৌদির নবাব পরিবারে তৈমুরের পর আরও একজন নতুন অতিথি আসছে এ খবর তো আগেই দেওয়া হয়েছে। সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পর এই পরিবারে এবার নতুন সদস্য নিয়ে আসছেন নবাবজাদি সোহা আলী খান। সম্প্রতি এই অভিনেত্রীর বাড়িতে ঘরোয়া পরিসরে তাঁর সাধ বা ‘বেবি শাওয়ার’-এর আয়োজন করা হয়েছিল।
সাতশার অনুষ্ঠানে একেবারে ঐতিহ্যবাহী সাজে সেজেছিলেন সোহা। স্বামী কুনাল খেমুর পছন্দের শাড়ি পরেছিলেন সেদিন। খোঁপায় গুঁজেছিলেন ফুল। টুইটারে কুনালের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে সোহা লিখেছেন, ‘বেলুন ছাড়া যেকোনো পার্টি অসম্পূর্ণ।’
আর দুই মাস পর বাড়িতে সন্তান আগমনের পর নিশ্চয়ই আরও একটি পার্টির আয়োজন করবেন কুনাল-সোহা দম্পতি। সেই পার্টিতে বেলুনে বেলুনে পুরো বাড়ি ভরে ফেলবেন নতুন মা সোহা। গত মাসে কুনালের জন্মদিন পালন করতে এই দম্পতি গিয়েছিলেন লন্ডনে। সেই সুযোগে তাঁরা সন্তান জন্মের আগে কিছুদিন নিরিবিলি সময়ও কাটিয়ে এলেন।
প্যারিসে সোহাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। মাসখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সোহা আলী খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছিলেন, গর্ভকালে তাঁর গাইডের ভূমিকা পালন করছেন ভাবি কারিনা কাপুর। ভাবির পরামর্শে তিনি এখন ডায়েটের তোয়াক্কা না করে ইচ্ছামতো খাচ্ছেন। যোগব্যায়ামও করছেন নিয়মিত।
কিন্তু সোহার সাতশার অনুষ্ঠানে কারিনা, ভাই সাইফ, মা শর্মিলা ঠাকুর কারও ছবিই দেখা যায়নি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।