সৌমিত্রের হাতে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

• ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে।
• তাঁর হাতে এই সম্মান তুলে দেন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত।
• চতুর্থ বাঙালি হিসেবে ফ্রান্সের এই সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। ছবি: ভাস্কর মুখার্জি
ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। ছবি: ভাস্কর মুখার্জি

ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ন অব অনার’ তুলে দেওয়া হয়েছে ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। গতকাল মঙ্গলবার রাতে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জিগলার। এ সময় ফ্রান্সের সাহিত্যিকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুরুতে কথা ছিল, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মান সৌমিত্রের হাতে তুলে দেওয়া হবে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘এই বহুমুখী প্রতিভাবান এবং এক বাঙালি সন্তানকে সম্মানিত করতে পেরে ফ্রান্স গর্বিত।’

এর আগে ভারতে ফ্রান্সের এই সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তিন তারকা শিবাজি গণেশ, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান, প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়, সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। এবার চতুর্থ বাঙালি হিসেবে ফ্রান্সের এই সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

এর আগে গতকাল বিকেলে কলকাতা বইমেলার আয়োজক বুক সেলারস ও পাবলিসারস গিল্ডের পক্ষ থেকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ‘জীবনব্যাপী স্মৃতি সম্মান’।