স্কুটারে সালমান!

চেক শার্ট ও হাতাকাটা সোয়েটার পরা এক লোক নীল রঙের স্কুটারে চেপে সামনে এগিয়ে আসছেন। রাস্তাঘাটে এ রকম দৃশ্য খুবই স্বাভাবিক। খবর হওয়ার মতো কোনো ঘটনাই নয় এটি। কিন্তু একি! এ দেখি ‘সাল্লু ভাইজান’। বলিউডের সুপারস্টার সালমান খানকে ভিড়ের মধ্যে স্কুটার চালাতে দেখে কে না অবাক হবেন? সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের বিভিন্ন রাস্তায় স্কুটার চালাতে দেখা গেছে এই তারকাকে। অবশ্য শখের বশে নয়। শুটিংয়ের খাতিরেই চেপে বসতে হয়েছিল স্কুটারে।
‘সুলতান’ ছবির কিছু দৃশ্যের কাজ করতে সালমানকে একজন সাধারণ মানুষের মতোই এই কাজ করতে হয়েছে। প্রথমে অনেকে তাঁকে চিনতে না পারলেও কাছে আসামাত্রই পথচারীরা প্রিয় তারকাকে আবিষ্কার করেন। ভিড় জমতেও সময় লাগে না। সালমানকে একঝলক দেখার জন্য অনেকেই সেখানে ছুটে আসেন।
এর আগে একই ছবির শুটিংয়ের জন্য সালমান খানকে দিল্লির জামে মসজিদে যেতে হয়েছিল। সেখানে তাঁর নিরাপত্তার কথা ভেবে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়।
‘সুলতান’ মুক্তি পাবে এবার ঈদে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।