স্কোরসেসি ও জাবো পেলেন সত্যজিৎ সম্মাননা
‘সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পুরস্কার’ পেলেন বিশ্বখ্যাত দুই চলচ্চিত্রকার যুক্তরাষ্ট্রের মার্টিন স্কোরসেসি এবং হাঙ্গেরির ইস্তভান জাবো। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) উদ্বোধনী অনুষ্ঠানে গত শনিবার তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। যদিও অনুষ্ঠানে তাঁরা সশরীর উপস্থিত ছিলেন না, তবে উৎসবের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন স্কোরসেসি এবং জাবো। উপস্থিত দর্শকদের তা শোনানো হয়।
স্কোরসেসি তাঁর বার্তায় সত্যজিৎ রায়কে ‘সত্যিকার মহৎ’ শিল্পী অভিহিত করে বলেন, ‘তিনি আমার অন্যতম গুরু। তিনি এমন এক চলচ্চিত্রকার, যাঁর কাজের কাছে আমি বারবার ফিরে যাই। যতবারই আমি “অপু ত্রয়ী” বা “চারুলতা”-র মতো ছবিগুলো দেখি, প্রতিবারই সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা লাভ করি। একই ছবি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আরও গভীরতা পেয়েছে, হয়েছে আরও সমৃদ্ধ,’ বলেছেন ৭৯ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা৷
ইস্তভান জাবো তাঁর বার্তায় বলেন, এই সম্মান পেয়ে এবং ভারতেও যে তাঁর কাজের ভক্ত রয়েছে, এটা জানতে পেরে তিনি ‘গভীরভাবে আলোড়িত’। এ সময় চলচ্চিত্র নির্মাতা অনেক বছর আগে সত্যজিতের সঙ্গে তাঁর ‘গভীর’ আলোচনার কথা স্মরণ করেন। ৮৩ বছর বয়সী হাঙ্গেরীয় এ পরিচালক বলেন, ‘অনেক বছর আগে সত্যজিৎ রায়ের সঙ্গে মাদ্রাজে দেখা হয়েছিল। আমার স্ত্রী ও আমাকে তিনি ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা ছিল দারুণ একটা ভোজ। তাঁর চলচ্চিত্র এবং আমাদের পেশা অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ বিষয়ে চমত্কার একটি আলোচনা হয়েছিল। এটি একটি গভীর আলোচনা ছিল, যা আমি কখনোই ভুলব না।’
নয় দিনের এই চলচ্চিত্র উৎসব ভার্চ্যুয়াল এবং সরাসরি—দুভাবেই অনুষ্ঠিত হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।