স্টান্টম্যান ছাড়া আবার নায়ক কিসের: অক্ষয় কুমার

নিজের ছবিতে দুর্ধর্ষ স্টান্টম্যান তিনি নিজেই। অক্ষয় কুমার তাই স্টান্টম্যানদের যন্ত্রণা বোঝেন। জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে কাজ করতে হয়, তা জানেন। অথচ চলচ্চিত্রের জগতে এই মানুষগুলো খুবই অবহেলিত। তাঁদের মৃত্যুঝুঁকি থাকলেও এ জন্য বিমা করা নেই।
এবার অক্ষয় কুমার স্টান্টম্যানদের পাশে দাঁড়ালেন। হৃদ্রোগ বিশেষজ্ঞ রমাকান্ত পান্ডার সঙ্গে এক হয়ে তিনি বলিউডের স্টান্টশিল্পীদের জন্য বিমা স্কিমের ব্যবস্থা করে দিচ্ছেন। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে স্টান্টম্যানরা ছয় লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা পাবেন। যদি মৃত্যু হয়, তাহলে পাওয়া যাবে ১০ লাখ টাকা।
এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘স্টান্টম্যান না থাকলে নায়কও থাকবে না। যখন একজন রোমান্টিক নায়ক পর্দায় রোমান্স করে, তখন তাঁর জীবনের ঝুঁকি থাকে না। জীবনের ঝুঁকি থাকে স্টান্টশিল্পীর।’
মুভি স্টান্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এজাজ গুলাব বলেছেন, ‘স্টান্টম্যানদের জন্য বিমা নিরাপত্তার জন্য আমরা অনেকগুলো বিমা কোম্পানির সঙ্গে বহুবার যোগাযোগ করেছি। কিন্তু তাদের কেউ আমাদের সহযোগিতা করেনি।’
দেখা যাক, এবার স্টান্টশিল্পীদের নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত হয় কি না। মিড ডে।