স্ট্যান লির সঙ্গে সোনমের সাক্ষাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর ও স্ট্যান লি
সোনম কাপুর ও স্ট্যান লি

বলিউড অভিনেত্রী সোনম গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে। বেড়াতে বা শুটিংয়ে নয়। এবার বেশ বড় একটি দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এই বলিউড ​অভিনেত্রী। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সেখানকার তারকাদের সঙ্গে তিনিও হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। যদিও জয় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। 

কিন্তু এ নিয়ে কি সোনমের কোনো আফসোস রয়েছে? থাকতে পারে, আবার নাও পারে। তবে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁর দেখা হয় বিশ্ববিখ্যাত লেখক স্ট্যান লির সঙ্গে। একজন স্ট্যান লি ভক্তের জন্য এ এক বিরাট পাওয়া। ‘স্পাইডারম্যান’, ‘আয়রন ম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’-এর মতো সুপার হিরোদের স্রষ্টার সাক্ষাত পেয়ে যারপরনাই খুশি সোনম কাপুর। ছোটবেলা থেকে যাঁর লেখা পড়ে আসছেন, হুট করেই যে তাঁর সঙ্গে দেখা হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবেননি এই বলিউড অভিনেত্রী।
জীবনের এই স্মরণীয় মুহূর্তের ছবি তুলে তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। স্ন্যাপচ্যাটে তুলে দেওয়া সেই ছবিতে স্ট্যান লিকে দেখা গেছে হলুদ রঙের সোয়েটার পরা অবস্থায়। এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে সোনমের অন্যতম উদ্দেশ্য ছিল সেই দেশে বাস করা দক্ষিণ-এশীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা। ইয়াহু নিউজ।