স্তনসন্ধি বিতর্ক-ভারতের স্থুল চেহারা

টাইমস অব ইন্ডিয়া আর বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বচসা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। অনলাইনে তাদের মধ্যে যে ‘ঝগড়াঝাটি’ চলছে তা ভারতীয়দের স্থুল মানসিকতাকেই যেন ‘স্থুলভাবে’ সামনে নিয়ে এসেছে।
এই বিষয়টি নিয়ে বিবিসির দিল্লি প্রতিনিধি সৌতিক বিশ্বাস একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন।
প্রতিবেদনে সৌতিক লিখেছেন, গত সপ্তাহে টাইমস অব ইন্ডিয়া দীপিকার একটি ছবি এবং তাঁর স্তনসন্ধি (ক্লিভেজ) নিয়ে টুইট করলে এই দ্বন্দ্ব শুরু হয়।
গত বছরের একটি অনুষ্ঠানে তোলা দীপিকার ছবির সঙ্গে ‘ওহ মাই গড: দীপিকার ক্লিভেজ প্রদর্শনী’—এমন ক্যাপশন জুড়ে দিয়ে টুইট করে পত্রিকাটি।
দীপিকা ক্ষুব্ধ হয়ে জবাব দেন, ‘হ্যা, আমি একজন নারী। আমার স্তন এবং স্তনসন্ধি আছে! তোমার সমস্যা কী!!??’
দীপিকার টুইটের জবাবে সাত হাজারের বেশি জবাব (রি-টুইট) আসে। ঘন্টাখানেকের মধ্যে ভারতের প্রধান টুইটার ট্রেন্ড হয় #আইস্টান্ডউইথদীপিকাপাড়ুকোন (#IStandWithDeepikaPadukone)।
দীপিকা ক্ষুব্ধ হলে এবং হাজার হাজার পাঠক নেতিবাচক প্রতিক্রিয়া দেখালে পত্রিকাটি তাদের টুইট মুছে ফেলে এবং দীপিকাকে শান্ত করার চেষ্টা করে। তারা বলে, ‘এটি একটা প্রশংসা, আপনাকে এতো সুন্দর দেখাচ্ছিল যে আমরা চেয়েছি সবাই আপনার সৌন্দর্য দেখুক।’
পত্রিকাটির এই স্তাবকতায় অন্য অনেকের মতো মন গলেনি দীপিকার। স্পষ্টতই পত্রিকাটির জবাবে তিনি অসন্তুষ্ট হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার দীপিকা তাঁর ফেসবুকে বেশ বড়সড় একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘নৈতিকতা বিসর্জন দিয়ে পত্রিকাটি এখনো পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য প্রতিক্রিয়াশীলতার চর্চা করছে। এটা ঠিক সেই মুহূর্তে, যখন আমরা নারীর সমাধিকার এবং ক্ষমতায়নের চেষ্টা করছি। দেহের প্রদর্শনী করতে আমার আপত্তি নেই এবং চরিত্রকে ফুটিয়ে তুলতে পর্দায় যে কোনো কিছু করতে আমি লজ্জা পাই না... আমি আসলে পর্দার বাইরে একজন নারীর সম্মান বিষয়ে বলছি।’
টাইমস অব ইন্ডিয়া দীপিকার এই ফেসবুক পোস্টের জবাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে কড়া ভাষায়। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি বিতর্ক তৈরি করেছে। অনেকেই এ জবাবকে পত্রিকাটির টুইটের মতোই কুরুচিপূর্ণ বলছেন।
ওই লেখায় ছবিটি নিয়ে দীপিকার প্রতিক্রিয়াকে পত্রিকাটি ‘ভণ্ডামি’ বলেছে। পত্রিকাটি বলেছে, যেসব গণমাধ্যম দীপিকার পক্ষ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার সমালোচনা করেছে তারাও দীপিকার স্তনসন্ধির ছবি ছেপেছে।
‘সেক্সিয়েস্ট কাভারেজ’
অবশ্য পত্রিকাটি স্বীকার করে বলেছে ‘ছবির শিরোনামটি আরেকটু ভালো হতে পারতো।’
টাইমস অব ইন্ডিয়া বলেছে, মূল পত্রিকা আর অনলাইন সংস্করনের মধ্যে পার্থক্য আছে। এটি বিভ্রান্তিকর বিশৃঙ্খলায় ভরা। ফলে এখানে রগরগে শিরোনাম খব সাধারণ ঘটনা।
পত্রিকাটি দীপিকার আচরণকে নতুন ছবি মুক্তির আগের ‘বৃহত্তর প্রচারণা’ মনে করছে।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, দীপিকা কি চান জনসমক্ষে তোলা ছবি ছাপার ক্ষেত্রেও তাঁর অনুমতি নেব আমরা? আমরা কি সিনেমার মতো একটি সেন্সরবোর্ড পেতে যাচ্ছি যেটি তারকাদের পর্দার বাইরে, জনসমক্ষে তোলা সব ছবি কাটছাট করবে?’