স্ত্রীর ছবির প্রচারে অজয়

এবার ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ঋদ্ধি সেন। এরপর থেকেই তাঁর নতুন ছবি ‘হেলিকপ্টার ইলা’ নিয়ে অনেকেরই আগ্রহ বেড়ে যায়। সবার চোখ পড়ে কলকাতার ২০ বছর বয়সের এই তরুণ নায়কের ওপর। গতকাল শুক্রবার এসেছে কাজল আর ঋদ্ধি সেন অভিনীত এই ছবির ফার্স্ট লুক। ছবির অন্যতম প্রযোজক বলিউড তারকা অজয় দেবগন। ছবির ফার্স্ট লুক তিনি নিজেই টুইটারে দিয়েছেন। পোস্টারজুড়ে শুধু ঋদ্ধি৷ আর এখানে তাঁর শরীরী ভাষা কিছুটা ধারণা দিচ্ছে ছবিটির ব্যাপারে।
‘হেলিকপ্টার ইলা’ ছবির পোস্টার দেখে মনে হবে, পালানোর চেষ্টা করছেন ঋদ্ধি৷ অন্যদিকে তাঁকে আটকে রেখেছে একটি হাত৷ পুতুলনাচের সামগ্রী দিয়ে কেউ একজন বেঁধে রেখেছেন ঋদ্ধিকে৷ হাতটি একজন নারীর৷ আর এই হাত যে কাজলের, তা যে-কেউ অনুমান করতে পারবেন। আগেই জানা গেছে, ছবিতে ঋদ্ধির মা কাজল৷ ছবির গল্প গড়ে উঠেছে মা আর ছেলের সম্পর্ক নিয়ে৷ কাজল একজন একা মা। জনপ্রিয় গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন৷ কিন্তু অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হন তিনি।
ছবির নাম ‘হেলিকপ্টার ইলা’ কেন? ভারতীয় সংবাদমাধ্যমকে ঋদ্ধি সেন বলেন, ‘ওটাই রহস্য। কিছু দিন অপেক্ষা করলেই বোঝা যাবে হেলিকপ্টারের মানে।’ জানালেন, ‘হেলিকপ্টার ইলা’ ছবিটি তাঁর কাছে খুবই স্পেশাল।
এদিকে পোস্টার দেখে অনেকেই অনুমান করেন, ছবিতে ঋদ্ধি আর কাজলের সম্পর্ক বেশ জটিল৷ মায়ের শাসনে ছেলের যত আপত্তি৷ তাই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
গুজরাটের একটি নাটক থেকে ‘হেলিকপ্টার ইলা’ ছবির চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ ও আনন্দ গান্ধী৷ পরিচালক প্রদীপ সরকার। গুজরাটি সেই নাটকের নাম ‘বেটা কাগড়ো’৷ এই ছবির গানের কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে৷ সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদি৷
অজয় দেবগন নিজে কেন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন? অবশ্যই তার কারণ আছে। তিন বছর পর তাঁর স্ত্রী জনপ্রিয় বলিউড তারকা কাজল আবার হিন্দি ছবিতে অভিনয় করেছেন। গত বছর তামিল ছবি ‘ভেলাইলা পট্টাধারি টু’তে ধানুশের বিপরীতে অভিনয় করেন তিনি৷ তাই হিন্দি ছবির জগতে স্ত্রীর ফিরে আসা যেন শতভাগ সফল হয়, সেই চেষ্টা তো তিনি করবেনই।
জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘হেলিকপ্টার ইলা’ ছবিটি৷