স্বপ্ন হলো সত্যি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

‘রক অন টু’ ছবির মাধ্যমে সত্যি হলো শ্রদ্ধা কাপুরের স্বপ্ন। এ ছবিতেও নিজে গান করেছেন তিনি। ছবিটির প্রথম কিস্তি ‘রক অন’ তাঁর অন্যতম প্রিয় ছবি। নিজের প্রিয় ছবির সিক্যুয়েলে কাজের সুযোগ পেয়ে দারুণ আনন্দিত তিনি।

শ্রদ্ধা বলেন, ‘গান করে ভালো লেগেছে। নিজের ছবিতে গান করার সৌভাগ্য খুব কম অভিনয়শিল্পীর ভাগ্যেই জোটে। পুনরায় এই সুযোগ পেয়ে আমি গর্বিত।’ ‘রক অন টু’ ছবির ট্রেলার উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রক মিউজিক আমার কাছে নতুন এবং অনেকটা চ্যালেঞ্জিং। আমি যেহেতু এ ধরনের গানের ভক্ত, তাই ছবিতে রক গান করতে রাজি হই।’ এর আগেও নিজের অভিনীত ছবিতে গান করেছিলেন শ্রদ্ধা। এবার গাইলেন রক গান।

শ্রদ্ধা কাপুর ও ছবির নায়ক ফারহান আখতার ট্রেলার উন্মোচনের ওই অনুষ্ঠানে ছবির কয়েকটি গান গেয়ে শোনান। সে সময় শ্রদ্ধা বলেন, একজন শিল্পীর জন্য সরাসরি অনুষ্ঠানে গান করার মতো মজার আর কিছুই নেই। তিনি বলেন, ‘শিল্পীদের কাছে আমি শুনেছি, লাইভ কনসার্টে তাঁরা যতটা সাড়া পান, অন্য কোথাও তেমন পান না। আমি নিজেও লাইভের মজাটা পেয়েছি।’

‘রক অন টু’ ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, প্রাচী দেশাই, পুরব কোহলি, শশাঙ্ক অরোরা। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।