স্বর্ণডিম্বের অপেক্ষায়

পাঁচ এক্কে পাঁচ। পাঁচের ঘরের নামতা তিনি পড়তেই পারেন। একে একে টানা পাঁচটি ব্লকবাস্টার ছবি যে উপহার দিয়েছেন! এই মুহূর্তে বলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও দীপিকা পাড়ুকোন। হাতে আছে এমন কয়েকটি ছবি, যেগুলো নিশ্চিত সাফল্য এনে দেবে। স্বাভাবিকভাবেই দীপিকার কদর এখন আকাশছোঁয়া। চাইলে নিজের দরটাও আকাশছোঁয়া করতে পারেন। কিন্তু দীপিকা সেই পথে হাঁটছেন না।
ক্যারিয়ারের শুরু থেকেই প্রকাশ পাড়ুকোনের কন্যা পথ চলেছেন পা মেপে মেপে। ঝুলিতে যে ফ্লপ ডিম্ব নেই, তাও নয়। তবে সেসব ডিমে তা দিতে চান না দীপিকা। আর তাই তাঁর বাড়ির সামনে প্রযোজকদের লম্বা মিছিল থেকে বেছে বেছে তাঁদেরই এখন নিচ্ছেন, যাঁরা খুব ভালো গল্প নিয়ে কাজ করেন। চেন্নাই এক্সপ্রেস-এর মতো মসলাদার ছবি যেমন করেছেন, একইভাবে আসছে অন্য মাত্রার ছবি ফাইন্ডিং ফ্যানি ।
কাজের ব্যাপারে দীপিকার সততা আর পরিশ্রম নিয়ে সুনাম আছে। প্রতিভা নিয়ে কোনো প্রশ্নও নেই। আর দীপিকা এও জানেন, তাড়াহুড়ো করে পেট কেটে নয়, অপেক্ষা করলেই ক্যারিয়ার-হংসের কাছ থেকে সোনার ডিম মিলবে বেশি! আইএএনএ