স্বাধীনতা দিবসে শাহরুখের ভিডিও
আজ ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু এবার এই বিশেষ দিনটিতে বলিউড বাদশা শাহরুখকে কাটাতে হচ্ছে মার্কিন মুলুকে। তাই বলে দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এই মহাতারকা।
স্বাধীনতা দিবস এবার শাহরুখের সন্তানেরা উদ্যাপন করছেন একটু ভিন্ন তরিকায়। শাহরুখ তাঁর তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে বলেছিলেন, ভারতের পতাকায় যে তিনটি রং আছে, তা দিয়ে তাদের নিজেদের মতো করে পতাকা বানাতে। শাহরুখের প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর সন্তানেরা কেউ কমলা, সাদা, সবুজ রঙের তরল, কেউ এই তিন রঙের ফুল ও পাতা, কেউ–বা রঙিন চকলেট দিয়ে ভারতের পতাকা বানিয়েছে। অবশ্য কোনটি কার তৈরি, শাহরুখ তা জানাননি। ভক্তদের তা অনুমান করে নিতে বলেন তিনি।
ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘আমি শাহরুখ। এখন দেশ থেকে অনেক দূরে আছি। কিন্তু ভারতের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের জীবনে আরও বেশি স্বাধীনতা আসুক। আমাদের দেশ আরও এগিয়ে যাক, আরও শক্তিশালী হোক।’
এরপর তিনি বলেন, এই ভিডিওর জন্য তাঁর তিন সন্তানকে ভারতীয় পতাকার তিনটি রং দিয়ে অন্য রকম করে একটি পতাকা বানাতে বলেছিলেন। বাবার কথামতো সন্তানেরা তা–ই করেছে।
শাহরুখের একমাত্র মেয়ে সুহানার ১৬, ছেলে আরিয়ানের বয়স ১৪ আর ছোট ছেলে আবরামের মাত্র তিন বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস।