স্বামী অন্তঃপ্রাণ কারিনা

পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী-ভাগ্যটা বেশ ভালোই বলতে হয়। কারিনা কাপুর খানের মতো মিষ্টি বউ পাওয়াটা সৌভাগ্যের বিষয়ই বটে। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের অক্টোবরে ঘর বাঁধেন সাইফ-কারিনা। এরপর প্রায় দুই বছরের সংসার জীবনে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে কারিনা অভিনীত নতুন ছবি ‘সিংঘাম রিটার্নস’। আর ১৬ আগস্ট সাইফের ৪৪তম জন্মদিন। স্বামীর জন্মদিন উদযাপনকেই বেশি গুরুত্ব দিয়ে লন্ডন উড়াল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী কারিনা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কারিনা বলেন, ‘সাইফের জন্মদিন ১৬ আগস্ট। আমি লন্ডনে তাঁর জন্মদিন উদযাপনের উদ্যোগ নিয়েছি। সেখানে তাঁর অনেক বন্ধু-বান্ধব আছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
লন্ডন থেকে ইতালি কিংবা ফ্রান্সে অবকাশযাপনে যাওয়ারও পরিকল্পনা রয়েছে সাইফ-কারিনার। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফ এবং আমি একে অন্যের সঙ্গে সময় কাটাতে অনেক ভালোবাসি। অনেক দিন হয়ে গেল আমরা একসঙ্গে ছুটি কাটাতে কোথাও যাইনি। এবার যাচ্ছি। অবকাশযাপনের জন্য আমাদের প্রথম পছন্দ ইতালি। কোনো কারণে সেখানে যাওয়া সম্ভব না হলে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছি আমরা।’
রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম রিটার্নস’ ছবিতে অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবিটিতে আরও অভিনয় করেছেন অমল গুপ্ত, দয়ানন্দ শেঠি, অনুপম খের, শরত্ সাক্সেনা প্রমুখ।