স্বামীর বিরুদ্ধে সেই নায়িকার মামলা

‘বাগবান’ (২০০৩) ছবিতে অমিতাভ বচ্চনের ছেলের স্ত্রী ছিলেন আরজু গোভিত্রিকর। এরপর তিনি অভিনয় করেছেন ‘মেরে বাপ পেহলে আপ’ (২০০৮) আর ‘লেটস এনজয়’ (২০০৯) ছবিতে। এ ছাড়া ছোট পর্দায় ‘নাগিন’ ও ‘এক লাড়কি আনজানি সি’ সিরিয়ালেও অভিনয় করেছেন। এবার তিনি স্বামী সিদ্ধার্থ সাভরওয়ালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন।
মুম্বাই মিররের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওরলি পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে আরজু গোভিত্রিকর জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে তাঁর স্বামী মদ্যপ হয়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাঁকে ক্ষতি করার হুমকি দিয়েছেন। ভোররাত চারটার দিকে তাঁকে বাথরুমে নিয়ে মারধর করেছেন। সেখানে আটকে রাখেন। এরপর তিনি ওরলি অ্যাপার্টমেন্টের স্বামীর ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এখন তিনি অন্য স্থানে আছেন। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি সিসি ক্যামেরার কিছু ফুটেজ পুলিশকে দিয়েছেন। তবে ঘটনাটি এত দিন পর সামনে এসেছে।
সিদ্ধার্থ সাভরওয়াল একজন শিল্পপতি। এই দম্পতির একমাত্র ছেলে আসমান। তার বয়স পাঁচ বছর। ২৬ ফেব্রুয়ারি আবার ওরলি থানায় যান আরজু গোভিত্রিকর। এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সিদ্ধার্থ সাভরওয়াল ছেলেকে তাঁর কাছ থেকে সরিয়ে রেখেছেন। তিনি ছেলেকে নিজের কাছে রাখতে চান।
এদিকে সিদ্ধার্থ সাভরওয়াল মুম্বাই মিররের কাছে দাবি করেন, আরজু গোভিত্রিকর সেদিন বাসায় একটি ক্রাইম শোর মহড়া করছিলেন। এ সময় তাঁকে থাপ্পড় দিতে বলেন স্বামীকে। সেটাই সিসি ক্যামেরার ফুটেজে থাকতে পারে। কিন্তু এ ব্যাপারে আরজু কোনো মন্তব্য করেননি। পরে সিদ্ধার্থ বলেছেন, ‘আমি সঠিক ফোরামে এই অভিযোগের জবাব দেব।’
সিদ্ধার্থ সাভারওয়াল ও আরজু গোভিত্রিকর ২০১০ সালে বিয়ে করেন।