স্বার্থপর দীপিকা!

বলিউডের তারকারা নিজের সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে নানা সময় নানা বিশেষণ দিয়ে থাকেন। কেউ হয়তো নিজেকে বলেন, খেয়ালি; কেউবা আলসে কিন্তু তাই বলে স্বার্থপর! সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোণ এক মন্তব্যে নিজেকে ‘স্বার্থপর’ বলেছেন।
২০১৫ সালটা বেশ ভালোই কাটছে দীপিকার। বছরের শুরুতে ‘পিকু’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর এই সাফল্য যাত্রার শুরু হয়েছিল। বছরের শেষ দুই মাসে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত দুটি ছবি। এর একটি ‘তামাশা’ এবং অন্যটি ‘বাজিরাও মাস্তানি’। বহুল প্রতীক্ষিত এই দুটি ছবিও সাফল্যের মুখ দেখবে বলেই আশা করছেন বলিউডের চলচ্চিত্রবোদ্ধারা।
অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, পর্দায় দীপিকা পাডুকোণের উপস্থিতি মানেই সে ছবি ‘হিট’। চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র, নিজের ফ্যাশন ব্র্যান্ড চালু করা সবকিছু মিলিয়ে এ বছরটি দীপিকার জন্য একটি ঘটনাবহুল বছরই বটে।
কিন্তু যার ঝুলিতে এত সাফল্য সেই দীপিকা ‘স্বার্থপর’ কেন! কোনো নিন্দুকের মন্তব্য নয় বলে এবং যেহেতু দীপিকা নিজেই তাঁর সম্পর্কে এ কথা বলেছেন এ কারণে বিষয়টি নিয়ে খানিক রহস্যও তৈরি হয়েছিল।
এ প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘আমরা সবাই প্রতিটা ছবির পেছনেই অনেক পরিশ্রম করি এবং চাই প্রতিটি ছবিই যেন আলাদা একটি অবস্থান পায়। কিন্তু সার্বিক পরিস্থিতির দিকে তাকালে বলতে হবে, একজন অভিনয়শিল্পী হিসেবে আমি অবশ্যই স্বার্থপর।’
দীপিকার এ কথায় অভিনয়ের প্রতি তাঁর দায়বদ্ধতার বিষয়টি পরিষ্কার ফুটে উঠেছে। তিনি আরও বলেন, ‘পিকু’ মুক্তি পেয়ে গেছে, এখন আমার হাতে আছে ‘তামাশা’ এবং এরপর ‘বাজিরাও মাস্তানি’। একজন অভিনেত্রী হিসেবে আমি ভীষণ খুশি।’ সম্প্রতি ‘তামাশা’ ছবির একটি গানের ভিডিও প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান এই ‘পিকু’ অভিনেত্রী।
দীপিকা পাডুকোণ বলেন, ‘তামাশা’ ছবির গল্প বলার ধরনটি বাঁধাধরা নিয়ম থেকে আলাদা, এখানে বিষয়গুলো ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। এবং আমার মনে হয়, এখানে আমরা চরিত্র, ভাব সবকিছুই ভিন্ন ভাবে ফুটিয়ে তুলেছি, স্বাভাবিকভাবে একজন যেভাবে প্রকাশ করে থাকেন সেভাবেই।’
ইমতিয়াজ আলী পরিচালিত ‘তামাশা’ ছবিটি মুক্তি পাবে নভেম্বর মাসের ২৭ তারিখে।