স্মিতা পাতিলের দুঃস্বপ্ন ও 'কুলি'র সেই দুর্ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন ও স্মিতা পাতিল
অমিতাভ বচ্চন ও স্মিতা পাতিল

‘কুলি’ ছবির শুটিংয়ে মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি মুম্বাইতে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ৬০তম জন্মদিনে তাঁকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অমিতাভ জানিয়েছেন, ‘কুলি’ ছবিতে তাঁর সেই দুর্ঘটনার বিষয়টি ঘটার ঠিক কয়েক ঘণ্টা আগে স্মিতা পাতিল তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি অমিতাভকে নিয়ে একটি দুঃস্বপ্ন দেখেছেন!

অভিনেত্রী স্মিতা পাতিলের ওপরে মৈথিলি রাওয়ের লেখা একটি বইয়ের প্রকাশনা উৎসবে গত শনিবার উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া ভাদুড়ী। অনুষ্ঠানে বলিউডের এই ‘মেগা স্টার’ অভিনেতা তাঁকে নিয়ে স্মিতা পাতিলের দেখা সেই দুঃস্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘আমি সে সময় কুলি ছবির শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে ছিলাম। রাত আনুমানিক দুইটার দিকে হোটেলে আমার ঘরের ফোনটি বেজে উঠেছিল। হোটেল থেকে আমাকে জানিয়েছিল, ফোনে স্মিতা আমার সঙ্গে কথা বলতে চাইছেন।’

অমিতাভ বলেন, ‘অবাকই হয়েছিলাম, এত রাতে কখনো স্মিতার সঙ্গে কথা বলিনি। গুরুত্বপূর্ণ কিছু হবে ভেবেই বলেছিলাম— অমিতাভ বলছি। ফোনে স্মিতা জানতে চেয়েছিলেন আমি ভালো আছি কিনা, সুস্থ আছি তো! স্মিতা আরও জানিয়েছিলেন যে, একটু আগেই তিনি আমাকে নিয়ে একটা খুব বাজে ধরনের দুঃস্বপ্ন দেখেছেন।’ অমিতাভ আরও বলেন, ‘স্মিতার সেই ফোনের ঠিক পরের দিনই ‘কুলি’ ছবির শুটিংয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছিল!’

১৯৮২ সালে নির্মাতা মনোমোহন দেশাইয়ের ‘কুলি’ ছবির একটি ‘অ্যাকশন’ দৃশ্যের শুটিং হয়েছিল বেঙ্গালুরুতে। সে শুটিংয়ের সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভের আহত হওয়ার পর তাৎ​ক্ষণিকভাবেই এ ছবির কাজ পুরোপুরি বন্ধ করতে হয়েছিল। আর অমিতাভের সুস্থ হতে সময় লেগেছিল দুই মাসেরও বেশি।