স্লো পয়জনিংয়ের শিকার হয়েছিলেন লতা মঙ্গেশকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মঙ্গেশকর
ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের প্রথম গানটিই সিনেমা থেকে বাদ দিয়েছিলেন পরিচালক। দীর্ঘ জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনিই হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয়তম সংগীতশিল্পী। গুণী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের আজ ৯২তম জন্মবার্ষিকী। তাঁর অজানা কিছু তথ্য তুলে ধরা হলো।

ছোটবেলায় লতা মঙ্গেশকরের নাম ছিল হেমা। তিনি ১৯২৮ সালের ২৮ সেপ্টেম্বর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন অভিনেতা ও গায়ক। মাত্র পাঁচ বছর বয়সে বাবার গীতিনাট্যে গান ও অভিনয় করেন লতা। বাবার মাধ্যমেই গানে হাতেখড়ি। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারিয়ে অথই সাগরে পড়েন এই গায়িকা। পরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসারের হাল ধরেন।

বাবা মারা যাওয়ার ৭ দিন পর মারাঠি সিনেমায় গান এবং অভিনয় করে চল্লিশের দশকে শুরু হয় তাঁর কর্মজীবন। প্রথম গান করেন মারাঠি ছবি ‘কিটি হাসাল’-এ (১৯৪২)। কিন্তু দুঃখের বিষয়, পরে সিনেমা থেকে তাঁর গানটি বাদ যায়।

স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনই মজার ঘটনার জন্ম দেন এই গায়িকা। শিশু হয়েও অন্য শিশুদের রীতিমতো মিউজিক শেখানো শুরু করেন। তাঁকে গান শেখানো বন্ধ করতে বলেন শিক্ষক। তখন মন খারাপ করে লতা সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কোনো দিন স্কুলেই যাবেন না।

১৯৪৫ সালে মুম্বাইতে পা রাখেন লতা মঙ্গেশকর। দীর্ঘ ৪ বছর কঠোর পরিশ্রম করার পর ১৯৪৯ সালে ‘মহাল’ সিনেমায় গাওয়া ‘আয়েগা আনেওয়ালা’ তাঁকে শ্রোতার মনে জায়গা করে দেয়। আর তাঁকে পেছনে তাকাতে হয়নি।

লতা মঙ্গেশকরের প্রথম উপার্জন ছিল ২৫ টাকা। মঞ্চে গেয়ে এই অর্থ পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন তিনি। ভারতের একটি পত্রিকার তথ্য অনুযায়ী, এই গায়িকা এখন ১৫ মিলিয়ন ডলারের মালিক। মাসে তাঁর আয় ৪০ লাখ টাকার বেশি।

১৯৬২ সালের শুরুর দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লতা মঙ্গেশকর। মেডিকেল তদন্তে জানা যায়, তাঁকে স্লো পয়জন দেওয়া হয়েছে। তিন দিন ধরে যমে-মানুষে টানাটানি চলে। এ ঘটনা তাঁকে শারীরিকভাবে ভীষণ দুর্বল করে ফেলেছিল। প্রায় তিন মাস তিনি শয্যাশায়ী ছিলেন। এ ঘটনার পর তাঁদের বাড়ির রান্নার লোক ভয়ে বেতন না নিয়েই পালিয়ে যান।

লতা মঙ্গেশকরকে নিজের ছোট বোনের মতো দেখতেন অভিনেতা দিলীপ কুমার। লতাও তাঁকে খুব কাছের মানুষ মনে করতেন। ১৯৭৪ সালে লতা প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে পারফর্ম করেছিলেন। এই অনুষ্ঠানে দিলীপ কুমারকে আমন্ত্রণ জানিয়েছিলেন লতা। অনুষ্ঠানের আগে লতা তাঁকে জানান, ‘পাকিজা’ ছবির ‘ইনহি লগনে লে লি দুপাট্টা মেরা’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। দিলীপ প্রথম গান হিসেবে এটা পছন্দ করেননি। লতাকে গানটি করতে নিষেধ করেন দিলীপ। লতা যুক্তি দেখিয়ে গানটি করতে চান। এই নিয়ে একসময় ভীষণ রেগে গিয়েছিলেন দিলীপ।

ভারত-চীন যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মরণে ১৯৬৩ সালে একটি কনসার্টে ‘এ মেরে ওয়াতান কে লোগো’ গেয়েছিলেন লতা। গানটি শুনে সেদিন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখ অশ্রুসিক্ত হয়েছিল।

সেই সময় গায়কদের এককালীন পারিশ্রমিক দেওয়ার রীতি ছিল। কিন্তু লতা মঙ্গেশকর সংগীত সংস্থাগুলোর কাছে দাবি জানান, রয়্যালটি দিতে হবে। এ নিয়ে রাজ কাপুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়, যা প্রায় এক দশক স্থায়ী হয়েছিল।

লতাকে নিয়ে লেখা যতীন মিশ্রর বই ‘লতা সুর গাথা’তে এই গায়িকা বলেছেন, ‘প্রায়ই রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি আর ভীষণ খিদে পেত। মনে আছে, অনেক দিন এক কাপ চা আর দু-চারটা বিস্কুট খেয়েই কাটিয়ে দিয়েছি। এমনও দিন গেছে, শুধু জল খেয়ে সারা দিন রেকর্ডিং করছি। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাজের ফাঁকে ক্যানটিনে আসার কথাই মনে থাকত না।’