হতে পারতেন ‘থ্রি ইডিয়টস’-এর নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবুন তো, থ্রি ইডিয়টস-এর পিয়া যদি হতেন আনুশকা শর্মা? মানে কারিনা কাপুর খানের জায়গায় যদি আনুশকাকে দেখা যেত! কী, ভ্রু কুঁচকে যাচ্ছে? যাবেই না কেন। ছবির পরিচালক রাজকুমার হিরানি আর অভিনেতা আমির খানও যে এটি বিশ্বাস করেননি! কিন্তু এমনটি ঘটতেও পারত। পিকে ছবির শুটিংয়ে আনুশকার কাছে এ খবর শুনে হেসেই খুন হিরানি ও আমির।

আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

২০০৭ সালের কথা। কাজ খুঁজছেন আনুশকা শর্মা। থ্রি ইডিয়টস ছবির জন্য অডিশন চলছে। কাজের জন্য সেখানেই ঢুঁ মারলেন তিনি। তাঁকে পড়তে দেওয়া হয়েছিল মুন্না ভাই এমবিবিএস ছবির সংলাপ। অডিশনে যে সফল হননি, তার প্রমাণ থ্রি ইডিয়টস। কারণ, শেষ পর্যন্ত সেখানে নায়িকা ছিলেন কারিনা কাপুর খান।

২০০৮ সালে আনুশকার অভিষেক হয় বলিউডে। মন খারাপ হয়নি। আরেক খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। রাব নে বানা দি জোড়ি ছবিতে পর্দা ভাগ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে।

এরপর চলে গেছে কয়েক বছর। আনুশকা খুঁটি গেড়েছেন বলিউডে। যাঁরা তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন, এবার তাঁরাই অভিনয়ের ডাক দিলেন। ছবির নাম পিকে। পরিচালক রাজকুমার হিরানি আর নায়ক আমির খান। এ ছবিও বক্স অফিসের হিসাব–নিকাশ বদলে দিয়েছিল।

পিকে ছবির শুটিংয়ে আনুশকা, হিরানি ও আমির। পরিচালক হিরানিকে জানানো হলো, থ্রি ইডিয়টস সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন আনুশকা। হিরানি চমকে যান! উল্টো প্রশ্ন করেন ‘আনুশকা থ্রি ইডিয়টস সিনেমার জন্য অডিশন দিয়েছে? না না।’ এবার আনুশকা নিজেই চমকে দিলেন হিরানি ও আমিরকে। সেই শুটিংয়ের ভিডিও ক্লিপ আনুশকা দেখান দুজনকে। ভিডিও দেখে হেসেই খুন তাঁরা।

আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

অডিশনের ভিডিও ক্লিপ দিয়ে আনুশকা নিজেই একটি ভিডিও স্টোরি বানিয়েছেন, যেখানেই মূলত অডিশনের বিষয়টি জানা গেল। জিরো ছবির পর নায়িকা হিসেবে আর কোনো ছবিতে দেখা যায়নি আনুশকাকে। তবে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বুলবুল ও পাতাললোক নামে দুটি প্রোডাকশন বেরিয়েছে। দুটিই প্রশংসিত হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস