হলিউড নিয়ে যা ভাবছেন প্রিয়াঙ্কা

কেবল ভারতে নয়, এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও নিজের দ্যুতি ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ প্রচারের পর থেকে খোদ মার্কিন মুলুকেই প্রিয়াঙ্কা চোপড়া এক আলোচিত তারকার নাম। তাহলে, হলিউডের ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন তিনি? এমন প্রশ্নের জবাবে মুখ খুলেছেন এই ‘মেরি কম’ তারকা।
‘গত পাঁচ বছর ধরেই যুক্তরাষ্ট্রে আমার একজন প্রতিনিধি রয়েছে। কিন্তু আমি আমার নিজের শর্ত অনুযায়ী কাজ করি। আমি ভারতীয় চলচ্চিত্রের একজন তারকা। কাজেই যা খুশি তাই আমি করতে পারি না। আর কারও কাছে নিজেকে প্রমাণের জন্য মরিয়া হয়ে ওঠারও কোনো প্রয়োজন নেই আমার। যদি এখানকার ছবি আমাকে টানে তাহলেই কেবল আমি এখানে কাজ করার কথা ভাবব’, বলেছেন প্রিয়াঙ্কা।
টাকাপয়সা নিয়ে কতটা মাথা ঘামান এই অভিনেত্রী? প্রিয়াঙ্কা জানিয়েছেন, দিনে ১৬ ঘণ্টা কাজ করেন তিনি। রাতে ঘুম নেই, নেই কোনো জন্মদিন কিংবা দেওয়ালি উৎসব, আর এভাবেই কঠোর পরিশ্রম করে উপার্জন করতে হয় তাঁকে।
কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যিনি এমন পরিশ্রমী, সফল তো তিনি হবেনই। এ প্রসঙ্গে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘সাফল্য কোনো গন্তব্য নয়, বরং এটি একটি যাত্রা। ধারাবাহিকভাবে সফলতা পেলেই আপনি সফল।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই বলিউডের তারকা ২০০২ সালে আব্বাস মাস্তানের ‘হামরাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। এরপর ‘ডন’, ‘ফ্যাশন’, ‘বরফি’ এর মতো ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।
এই ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি। এ ছবিতে বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী কাশিবাঈয়ের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এনডিটিভি।