হলিউডে দীপিকার প্রথম মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড ছবিতে অভিষেক করেই বাজিটা মাত করে ফেললেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন। দীপিকার ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ মুক্তি পায় এ বছরের শুরুর দিকে। মুক্তির পর থেকে এখন পর্যন্ত হইচই ফেলে রেখেছে ছবিটি। তাই হয়তো দীপিকারও জয়জয়কার চলছে।

এ ছবিতে অভিনয় করে ‘টিন চয়েজ মুভি অ্যাকট্রেস’ বিভাগে দীপিকা পাড়ুকোন মনোনয়ন পেয়েছেন। তাঁর সঙ্গে আরও লড়ছেন একই ছবির অভিনেত্রী নিনা ডবরেভ ও রুবি রোজ। আরও মনোনয়ন পেয়েছেন ‘ওয়ান্ডার উইম্যান’-এর গ্যাল গ্যাদত, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পঞ্চম কিস্তির কায়া স্কোডেলারিও এবং ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’-এর মিশেল রদ্রিগেজ। বুঝতেই পারছেন, লড়াই জমবে! এ বছর টিন চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।

দীপিকার জন্য সুখবর কিন্তু শুধু মনোনয়ন পাওয়াতেই থেমে নেই। পরিচালক ডি জে কারুসো নিশ্চিত করেছেন, ‘ট্রিপল এক্স’-এর পরবর্তী কিস্তিতেও থাকছেন দীপিকা। হিন্দুস্তান টাইমস।