হলিউডের জন্য প্রস্তুত দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাডুকোণ
দীপিকা পাডুকোণ

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত এক মেলায় অংশগ্রহণ করেছিলেন দীপিকা পাডুকোণ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দীপিকার ‘প্রেমিক’ রণবীর সিংও। দীপিকা প্রসঙ্গে কথা প্রসঙ্গে রণবীর জানান, দীপিকা এখন হলিউডের ছবির জন্য পুরোপুরি প্রস্তুত। তাঁর উচিত উডি অ্যালেনের মতো নির্মাতার সঙ্গে কাজ করা।
এদিকে, মেলায় উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে দীপিকা জানিয়েছেন, যে সম্মানী পান তাতে তিনি সন্তুষ্ট। শাহরুখ খান, আমির কিংবা সালমানের প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁদের সম্মানীর সঙ্গে নিজের তুলনা না করে দীপিকা জানান, শাহরুখ, সালমান বলিউডে অনেক আগে এসেছেন। তাঁরা অন্য পর্যায়ের। তিনি জানান, একই প্রজন্মের অভিনয়শিল্পীদের ক্ষেত্রে সম্মানীর পার্থক্যটি যেন স্বাভাবিক থাকে।
প্রেমিকার প্রশংসায় রণবীর সিং দীপিকা পাডুকোণকে উদ্দেশ করে বলেন, ‘আমি মনে করি, তোমার যে মেধা ও প্রতিভা তাতে তুমি পাশ্চাত্যের (হলিউড) জন্য প্রস্তুত। এরই মধ্যে হলিউড তোমাকে যে সব ছবির জন্য প্রস্তাব দিয়েছে সেগুলোতে তোমার অভিনয় করা উচিত।’
রণবীর দীপিকাকে বলেন, ‘তোমার এখন উডি অ্যালেনের মতো কোনো নামকরা নির্মাতার সঙ্গে কাজ করা উচিত।’
এদিকে, হলিউডের ছবিতে অভিনয় প্রসঙ্গে ‘মাস্তানি’ তারকা দীপিকা জানিয়েছেন, তিনি যখন বলিউডে তাঁর প্রথম ছবিটির জন্য প্রস্তাব পেয়েছিলেন তারও বহু আগে হলিউডের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব এসেছিল তাঁর কাছে।
দীপিকা বলেন, ‘আমি সঠিক সময় আর ছবির জন্য অপেক্ষা করেছি।’ দীপিকা আরও বলেন, হলিউডের ছবিতে কাজ করার জন্য তাঁর আগ্রহ নেই এমন কথা তিনি বলবেন না। কিন্তু তিনি তখনই সম্মতি জানাবেন যখন নিজেকে প্রস্তুত বলে মনে করবেন।

এ সময় দীপিকা বলিউডে নারীর প্রতি বৈষম্যের বিষয়টি নিয়েও কথা বলেন।
প্রসঙ্গত, ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে নির্মিত সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা পাডুকোণ অভিনয় করেছেন ‘মাস্তানি’ চরিত্রে। মাস্তানি এ কাহিনির এক যোদ্ধা রাজকুমারী। মারাঠা সেনাপতি বাজিরাও এবং যোদ্ধা রাজকুমারী মাস্তানির প্রেম কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের ‘বাজিরাও’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এ ছাড়াও, এখানে বাজিরাও এর প্রথম স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবি মুক্তি পাবে এই বছরের ১৮ ডিসেম্বর। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।