হলিউডের পথে আরেক ধাপ

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ দিয়ে হলিউডের খাতা খুলেছিলেন। সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন ভিন ডিজেল; তার চেয়ে বড় কথা, সেই ছবি হিটও করেছিল। তারপরও সাড়ে চার বছর অপেক্ষা করতে হলো। আবার একটি হলিউড ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। শুধু অভিনেত্রী না, এই হলিউড প্রকল্পে তাঁকে সহপ্রযোজক হিসেবেও দেখা যাবে।

দীপিকা পাড়ুকোন
ছবি: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

দুই সংস্কৃতির সমন্বয়ে নির্মিতব্য একটি রোমান্টিক-কমেডি প্রকল্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। ছবিটির প্রস্তুতকারক ইরোজ এসটিএক্স গ্লোবাল করপোরেশনস ডিভিশনের এসটিএক্স ফিল্মস।

ছবিতে দীপিকাকে ভিন্ন রকম একটি চরিত্রে দেখা যাবে। ছবিটি সহপ্রযোজনাও করবেন তিনি। কিছু বলিউডি ছবিতে আগেও তাঁকে প্রযোজকের ভূমিকায় দেখা গেছে। রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর নিজের প্রযোজনা সংস্থা খোলেন দীপিকা। ছপাক তাঁর প্রযোজিত প্রথম ছবি, সামনে আসছে দ্য ইন্টার্ন এবং এইটিথ্রি।

দীপিকাকে আগামী দিনে একাধিক ছবিতে দেখা যাবে
ইনস্টাগ্রাম

দীপিকা নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে বলেছেন, ‘কা প্রোডাকশন গড়ে তোলা হয়েছিল এই লক্ষ্য নিয়ে যে এমন সব প্রকল্প নির্মাণ বা প্রযোজনা করব, সারা বিশ্বের কাছে যার আবেদন থাকবে। এসটিএক্স ফিল্মস এবং টেম্পল হিল প্রোডাকশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

এসটিএক্স ফিল্মস মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডম ফোগেলশন দীপিকার সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত, ‘উনি অত্যন্ত প্রতিভাশালী।

দীপিকা পাড়ুকোন

আন্তর্জাতিক মানের একজন সুপারস্টারের মতো উচ্চতায় পৌঁছাচ্ছে ওনার প্রোফাইল। ইরোজ ইন্টারন্যাশনালের ছবিতে আগেও উনি অভাবনীয় সফলতা পেয়েছেন।’ অ্যাডম ফোগেলশন আরও বলেছেন, ‘দীপিকা ভারতের অন্যতম সেরা গ্লোবাল স্টার। আমাদের বিশ্বাস, এই প্রকল্পের মাধ্যমে ভারত এবং নিউইয়র্কের চরিত্র, চিন্তাভাবনা, বক্তব্য আমরা প্রতিষ্ঠা করতে পারব।’

দীপিকাকে আগামী দিনে একাধিক ছবিতে দেখা যাবে। রণবীর সিংয়ের সঙ্গে এইটিথ্রি, শাহরুখ খানের সঙ্গে পাঠান, হৃতিক রোশনের সঙ্গে ফাইটার। এ ছাড়া প্রভাসের নায়িকা হিসেবে তাঁকে এক প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে। দ্য ইন্টার্ন–এর রিমেকে দীপিকার সঙ্গে আছেন অমিতাভ বচ্চন।

দীপিকা পাড়ুকোন