হাতেনাতে ধরলেন কৃতি

কত শখ করেছিলেন, দিলওয়ালে ছবি দেখার জন্য হলের বাইরে দর্শকদের লম্বা সারি দেখবেন তিনি। তা হয়তো এরই মধ্যে দেখেছেনও কৃতি শ্যানন। কিন্তু এসবের ফাঁকেই এমন একটি বিষয় চোখে পড়ল তাঁর, যা দেখে রীতিমতো মনটাই ভেঙে গেল কৃতির। তিনি হাতেনাতে ধরলেন কিছু দর্শককে, যারা কৃতির সামনে বসেই দেখছিলেন তাঁর ছবি দিলওয়ালের পাইরেটেড প্রিন্ট।
উড়োজাহাজে চেপে কোথাও যাচ্ছিলেন দিলওয়ালে ছবির অভিনেত্রী কৃতি শ্যানন। ফ্লাইটে বসে আশপাশের লোকজন দেখছিলেন। এমন সময় হঠাৎ কৃতির চোখে পড়ে, কিছু যাত্রী খুব মন দিয়ে দেখছেন তাঁর নতুন ছবি দিলওয়ালে। কিন্তু এ ছবির তো এখনো সিডি-ডিভিডি কিছুই আসেনি বাজারে। তাই দর্শকদের পাইরেটেড দিলওয়ালে দেখার আগ্রহ দেখে দারুণ কষ্ট পান হিরোপান্তি ছবির এই ‘হিরোইন’। সঙ্গে সঙ্গে সেই দর্শকদের ছবি তুলে টুইটারে পোস্ট করলেন। তাতে লিখলেন, ‘দেখে কষ্ট হচ্ছে যে এতগুলো মানুষের পরিশ্রমকে এমন বাজে মানের পর্দায় দেখছেন তাঁরা। দয়া করে আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ভালো মানের পর্দায় ভালো ছবিগুলো দেখুন।’