হামলার শিকার তামিল তারকা বিজয় সেথুপতির দল
তামিল তারকা বিজয় সেথুপতির ওপর হামলে পড়া এক অজ্ঞাত ব্যক্তির আক্রমণের ভিডিও ইন্টারনেটে ভাইরাল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিজয় সেথুপতির অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একজন যাত্রীর বাগ্বিতণ্ডার জের এই ঘটনা।
ঘটনাস্থল বেঙ্গলুরু বিমানবন্দর। গত মঙ্গলবার মধ্য রাতে ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে বেঙ্গলুরু পৌঁছান। দেহরক্ষীরা তাঁর সঙ্গেই ছিল। তিনি বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভিডিওতে দেখা গেল, আচমকা একজন ছুটে এসে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দেহরক্ষীরা অবশ্য তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ধরে ফেলেন।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আক্রমণকারীও একজন যাত্রী, নাম জনসন। বিজয়ের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই যাত্রীর বাগ্বিতণ্ডা হয়েছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে এবং জনসন অ্যাসিস্ট্যান্টকে আক্রমণ করতে গিয়ে বিজয়ের পুরো দলের ওপর ঝাঁপিয়ে পড়েন।
পরে সেথুপতি ও তাঁর দলের কাছে ক্ষমা চান জনসন। বেঙ্গালুরু পৌঁছে বিজয় সেথুপতি সদ্য প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই অভিনেতার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
বিজয় সেথুপতির হাতে এ বছর অনেকগুলো সিনেমা। ওটিটি ও সিনেমা হল মিলে মুক্তিও পেয়েছে বেশ কয়েকটি।