হার মানলেন সাইফ!

হার মানলেন সাইফ। মাত্র কিছুদিন আগেই বলিউডের এই অভিনেতা জানিয়েছিলেন, বাবা ‘টাইগার’ পতৌদির চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু সম্প্রতি সাইফ আলী খান জানিয়ে দিয়েছেন— বাবা মনসুর আলী খানের চরিত্রে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব হবে না। শুধু অভিনয় করতে পারবেন না এমন কথাই জানাননি এ অভিনেতা; বলেছেন, আমার মনে হয় না বাবাকে (মনসুর আলী খান পতৌদি) নিয়ে কোনো ছবি তৈরির জন্য অনুমতি দেওয়াটাও উচিত হবে।
সাইফ আরও বলেছেন, আমি আদৌ বুঝতে পারছি না যে, এটা কোনো হিন্দি ছবি হবে কী না! কারণ, বাবা ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আর আমি মনে করি না যে পর্দায় তাঁর চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব।
অথচ, দিন কয়েক আগে বলিউডের এই অভিনেতা, পতৌদির ‘ছোটে নবাব’ সাইফ আলী খান জানিয়েছিলেন— তাঁর বাবা পতৌদির প্রয়াত নবাব, মনসুর আলী খানের চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। তবে, ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক টাইগার পতৌদির এমনই এক বর্ণাঢ্য জীবন ছিল যে, তাঁকে সেলুলয়েডে ফুটিয়ে তোলার কাজটা রীতিমতো দুরূহ একটি বিষয় বলেও সে সময় জানিয়েছিলেন সাইফ।
সে সময় সাইফ আরও জানিয়েছিলেন, তাঁর বাবা মনসুর আলী খান পতৌদিকে নিয়ে ‘বায়োপিক’ বা জীবনীনির্ভর ছবি হতেই পারে। কিন্তু এ ছবির কাহিনি বা গল্পকে অবশ্যই চমকপ্রদ হতে হবে। এর পাশাপাশি, তাঁকে পর্দায় উপস্থাপনের জন্য দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে। যদি তা না হয়; সে ক্ষেত্রে ভারতের সাবেক এই ডানহাতি ক্রিকেটার; যাকে সবাই ক্রিকেটে তাঁর অনন্য স্টাইলের জন্য ‘টাইগার পতৌদি’ হিসেবেই চিনতেন। সেই মানুষটিকে পর্দায় ফুটিয়ে তোলা, তাঁর ব্যাটিংয়ের সেই অনবদ্য ঢং বা স্টাইলকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে খুবই কঠিন এক কাজ।
সাইফ সে সময় এও বলেছিলেন, আমি যদি ছেলে হয়ে তাঁর চরিত্রটির প্রতি ‘ন্যায়’ না করতে পারি, বিষয়টি সে ক্ষেত্রে আমার জন্য প্রচণ্ড বিব্রতকরই হবে।’
সম্ভবত বাবার প্রতি ‘ন্যায়’ করতেই মনসুর আলী খান পতৌদির চরিত্রে অভিনয়ের জন্য ‘সবুজ সংকেত’ দেখিয়েও শেষপর্যন্ত হার মেনে নিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।