হার মানেননি তিনি
অভিষেকটা বেশ ভালোভাবেই হয়েছিল বলিউডের নবাগত নায়িকা সহের বামবারের। সানি দেওলের ছেলে করণের হাত ধরে বলিউডে এসেছিলেন হিমাচলের এই সুন্দরী। তবে এখনো তাঁর লড়াই থামেনি। বলিউডে প্রতিষ্ঠা পেতে মরিয়া সহের।
পল-পল দিল কে পাস ছবি দিয়ে সহরের ক্যারিয়ার শুরু। এ ছবির পরিচালক ছিলেন সানি দেওল। প্রথম ছবির দিন থেকে সহেরের লড়াই শুরু হয়েছিল। তিনি বলেন, 'আমি আমার প্রথম ছবি অদ্ভুতভাবে পেয়েছিলাম। এই ছবির জন্য ৪০০ মেয়ের অডিশন নেওয়া হয়েছিল। ওই ৪০০ মেয়ের মধ্য থেকে আমাকে নির্বাচন করা হয়েছিল। তবে প্রথম সুযোগ পাওয়া মানে এই নয় যে বলিউডে এবার সবকিছু সহজ হয়ে যাবে।'
সহের আরও বলেন, 'প্রথম ছবির পরে আমি অনেক অডিশন দিয়েছি। এমনকি অনেকবার এমন হয়েছে, কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে। আমি ভাবলাম, সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু হঠাৎ আবার সবকিছু যেন ঘেঁটে গেল। একটি ছবিকে ঘিরে খুব আজব একটি ঘটনা ঘটেছিল। লকডাউনের সময় আমি তখন হিমাচলে নিজের বাড়িতে ছিলাম। একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়ে গিয়েছিল। এমনকি আমি শুটিংয়ের শিডিউল পর্যন্ত পেয়ে গিয়েছিলাম। তাই শুটিংয়ের জন্য হিমাচল থেকে মুম্বাইতে এসেছিলাম। মুম্বাই এসে আমি জানতে পারি, ওই ছবিতে আমার পরিবর্তে অন্য কোনো নায়িকাকে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমি অনেক বড় আঘাত পেয়েছিলাম। কিন্তু আমার কিছু করার ছিল না। আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছিলাম যে এই ছবিটা আমার ভাগ্যে ছিল না। আপনার অভিষেক ভালো হলে যে সবকিছু ভালো হবে, তা কখনোই নয়।'
সহের নিজের অভিষেক প্রসঙ্গে বলেন, 'আমি যখন ডেবিউ করেছিলাম, তখন অভিনয়ের ব্যাপারে বেশি কিছু জানতাম না। ওই সময় সানি দেওল স্যার আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। কিন্তু অভিষেকের পরে আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটায় আমি বেশ মুষড়ে পড়ি। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কখনোই হাল ছাড়ব না। হেরে যাব না। মুম্বাইতে থেকেই দাঁতে দাঁত চেপে লড়াই করব।' সহের জানান, তাঁর পরিশ্রম ধীরে ধীরে সার্থক হতে যাচ্ছে। খুব শিগগির ওটিটিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন। এ ছাড়া তাঁকে দেখা যাবে কিছু মিউজিক ভিডিওতেও। একটি ছবিতে স্বাক্ষরও করেছেন তিনি।