হাসিনা পার্কারের রূপে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

ভারতের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে ভারতে। সেখানে হাসিনা পার্কারের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এবার ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামে শ্রদ্ধার ফার্স্টলুক প্রকাশিত হলো।
ছবিতে হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধারই ভাই সিদ্ধান্ত কাপুর। বাস্তব জীবনের এই ভাইবোনকে পর্দায়ও দেখা যাবে ভাইবোন হিসেবে। ফার্স্ট লুকে শ্রদ্ধাকে দেখা গেল সাহসী ও কঠিন রূপে। এর আগে যে তিনি ‘আশিকি টু’ কিংবা ‘ওকে জানু’এর মতো ছবিতে অভিনয় করেছেন তা বিশ্বাস হওয়াই ভার হবে। হাসিনা পার্কারের ১৭ থেকে ৪০ বছরের জীবন চিত্রিত হবে ছবিতে। হাসিনার চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে তাঁকে চেনারও প্রয়াস হিসেবে দেখছেন শ্রদ্ধা। বললেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, চরিত্রটি করতে খুবই হিমশিম খাচ্ছি। খুবই কঠিন একটি চরিত্র।’
ছবির সংগীত করেছেন শচীন জিগর। পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। মুক্তি পাওয়ার কথা আছে এ বছরের ১৪ জুলাই। ইন্ডিয়ান এক্সপ্রেস