হাসির পাত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনে ওবামা, সামনে মল্লিকা
পেছনে ওবামা, সামনে মল্লিকা

ভাবটা এমন যেন ঘটনাটি ঘটেছে আচানক! পেছনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে রেখে ভিডিও করে তা পোস্ট করলেন টুইটারে। এরপর নিজেই অবাক হয়ে প্রশ্ন করলেন, ‘আমার পেছনে কি মার্কিন প্রেসিডেন্ট?’ মল্লিকা শেরাওয়াতের এমন টুইটে এখন বলিউডে হাসির রোল পড়েছে।

মল্লিকা শেরাওয়াত
মল্লিকা শেরাওয়াত

সম্প্রতি হোয়াইট হাউস আয়োজিত একটি নৈশভোজে অংশ নেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। নৈশভোজটি ছিল যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং সফররত গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের নিয়ে। সেখানে কোনোভাবে আমন্ত্রণ পেয়ে যান মল্লিকাও। এরপর মূল মঞ্চ পেছনে রেখে একটি ছোট ভিডিও তৈরি করেন মার্ডার–খ্যাত মল্লিকা। ভিডিওটি পরে টুইটারে পোস্টও করেন। কিন্তু ভিডিওটির বর্ণনায় মল্লিকা ওবামার উপস্থিতিকে এমন বিস্ময়ের সঙ্গে প্রকাশ করেন, যেন অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রেমের ভেতর ঢুকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট! আর মল্লিকার সেটা জানাই ছিল না! কিন্তু মল্লিকার টুইটার অনুসারীরা এই অভিনেত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে এখন তুমুল তামাশা শুরু করেছেন। মল্লিকার এই ভিডিওটি যে নেহাত কাকতাল নয়, তা বুঝতে পেরে এখন বলিউডে তিনি হয়ে উঠেছেন হাসির পাত্রী। এমনকি ঠাট্টার মাত্রাটা তখন আরও বেড়ে যায়, যখন মল্লিকা তাঁর এই ওবামাসমেত ছবিটি নিজের উইকিপিডিয়া পেজে তুলে দেন। বলিউড লাইফ।