হিন্দিতে ফেলুদা

সত্যজিতের অমর সৃষ্টি ফেলুদা নিয়ে ছবি তৈরি পুরোনো খবর। নতুন খবর হলো হিন্দিতে নতুন করে ফেলুদা সিরিজ করতে চান বাঙালি পরিচালক সুজিত সরকার। পরিচালক আত্মবিশ্বাসী, সিরিজ ছবির সবকিছুই ফেলুদা কাহিনির মধ্যে আছে।
সুজিত সরকারের অফিস কক্ষটি সত্যজিতের ছবির পোস্টার দিয়ে সাঁটা। আছে ‘পথের পাঁচালি’, ‘গুপি গাইন বাঘা বাইন’-এর পোস্টার। সত্যজিতের এই পোস্টারগুলোই বলে দিচ্ছে সুজিতের ওপর খ্যাতিমান এই চলচ্চিত্রকারের কতখানি প্রভাব। সুজিতের ভাষায়, সত্যজিতের উত্তরসূরি তাঁরা। তাই এবার হিন্দিতে তাঁর ফেলুদা বানানোর পরিকল্পনা এই চলচ্চিত্রকারের। খুব শিগগিরই বাস্তবায়ন হতে পারে সুজিতের স্বপ্নের।
সুজিত বলেন, ‘আমি “সোনার কেল্লা”কে হিন্দিতে বানাতে চেয়েছি। ছবিটির স্বত্ব নেওয়ার জন্য চেষ্টা করছি। ফেলুদার মধ্যে সিরিজ ছবির সব মালমশলা আছে এবং এটা অবশ্যই কাজ করবে যদি ভালোভাবে বানানো যায়।
সত্যজিতের ছবির ওপর সুজিতের অগাধ ভালোবাসা সম্পর্কে বলেন, ‘চলচ্চিত্র বানানোর দিক দিয়ে আমরা এখন পর্যন্ত সত্যজিতকে ছুঁতে পারেনি। ৫০ বছর আগে কারিগরি সহযোগিতা ছাড়াই আজকের ছবি থেকে অনেক ভালো ছবি তৈরি করেছিলেন তিনি। কোনো জায়গায়ই আমরা তাঁর প্রতিভার কাছাকাছি পৌঁছতে পারিনি। ভারতের সৃষ্টি একমাত্র তিনিই বিশ্বমানের চলচ্চিত্রকার।’
কিন্তু সুজিত এখনো নিশ্চিত করেননি তাঁর পরবর্তী সিনেমা কী হবে? তিনি বর্তমানে অনেক পাণ্ডুলিপি পড়ছেন। সুজিত বলেন, ‘আমার কাছে ১৯১১ সালের প্রেক্ষাপটের একটি ছবির কাহিনি আছে। যার পাণ্ডুলিপি এখনো লেখা হচ্ছে। আমি নিশ্চিত না হয়ে কোনো ঘোষণা দিতে চাই না। আমি সেরকম চলচ্চিত্রকার নই যাঁরা যা বলেন কাজে তার প্রতিফলন দেখা যায় না। পাণ্ডুলিপি এবং অভিনয়শিল্পী চূড়ান্ত হলে ছবি সম্পর্কে ঘোষণা দেওয়া হবে।’
মিড ডে