হৃতিক প্রসঙ্গে সুজানের স্পষ্ট বার্তা

কঙ্গনা রনৌতকে নিয়ে হৃতিকের বিবাদ যখন চরমে, যে সময়টাতে পাশে একজন বন্ধুর উপস্থিতি খুব প্রয়োজন ছিল হৃতিকের, ঠিক তখনই এই অভিনেতার সাবেক স্ত্রী সুজানে খান ঘনিষ্ঠ বন্ধুর মতোই পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর। হৃতিকের পক্ষ নিয়ে কথাও বলেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। আর এর পরপরই অনেকের ধারণা জন্মেছিল যে তাহলে বোধ হয় জোড়া লাগতে যাচ্ছে হৃতিক-সুজানের সংসার। কিন্তু এ ধারণায় সোজা কথায় জল ঢেলে দিয়েছেন সুজানে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্কটি আর কখনোই জোড়া লাগবে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগের খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এ বিষয়টি সম্পর্কে স্পষ্ট করেই জানিয়েছেন সুজানে। এক টুইট বার্তায় সুজানে লিখেছেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি এমনটি আর না ভাবার জন্য। হৃতিকের সঙ্গে আমার সম্পর্কটি আর কখনোই জোড়া লাগবে না।’
সুজানে আরও লিখেছেন, ‘অবশ্য আমরা ভালো বাবা-মা হিসেবে থাকব।’
গত রোববার হৃতিক ও সুজানেকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দেখা গেছে তাঁদের দুই শিশুপুত্র রিহান ও রিদানের সঙ্গে।
এর আগে টুইটারে হৃতিক-কঙ্গনার যে ছবি নিয়ে তোলপাড় উঠেছিল, সে সময় হৃতিকের পক্ষ নিয়ে সুজানে লিখেছিলেন, ‘ছবিটি ফটোশপ করা হয়েছে। আমি হৃতিকের পক্ষে।’
যা হোক, কঙ্গনা-হৃতিক বিবাদের সময় সুজানে খানের টুইট বার্তা ও হৃতিকের পক্ষ নেওয়ায় যাঁরা ভেবেছিলেন জোড়া লাগতে যাচ্ছে হৃতিক-সুজানের সম্পর্ক, স্পষ্ট কথায় তাঁদের সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন সুজানে খান। ইন্দো-এশিয়ান নিউজ।