হৃতিক ভক্তদের তাণ্ডব!

সম্প্রতি ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিংয়ে ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে গিয়েছিলেন ‘কৃশ’ তারকা হৃতিক রোশন। সেখানে এ অভিনেতাকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড় আর রাস্তায় মোটরবাইক নিয়ে উন্মাতাল হয়ে শুটিংয়ের গাড়িবহরের পেছনে ছুটেছিল জাবালপুরের হৃতিক-ভক্তেরা। সে সময় ফুটপাথে মোটরবাইক তুলে দেওয়া এবং হুড়োহুড়ির কারণে পথচারীদের অনেকেই আহত হয়েছেন।
‘মহেঞ্জোদারো’ ছবির শুটিংয়ের প্রয়োজনে এ ছবির শুটিং ইউনিট পথে বেরে হলে কিংবা হৃতিকের গাড়ি দেখলেই পেছনে পেছনে মোটরবাইক নিয়ে ভক্তেরা তাঁকে অনুসরণ করেছেন। অনুসরণের সময় কে আগে হৃতিকের কাছে যাবেন কিংবা শুটিং ইউনিটের গাড়িবহরের কাছাকাছি পৌঁছানোর জন্য রীতিমতো প্রতিযোগিতাই শুরু করেন হৃতিক ভক্তেরা। সে সময়, তাঁদের অনেকেই এগিয়ে যাওয়ার জন্য উঠে পড়েছিলেন ফুটপাথে। আকস্মিকভাবে ফুটপাথে উঠে পড়ায় পথচারীদের অনেকেই আহত হন। জানিয়েছে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
পথচারীদের আহত হওয়ার খবরটি জেনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হৃতিক রোশন। এক টুইট বার্তায় হৃতিক রোশন এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ভক্তদের উদ্দেশ করে লেখেন, এটা খুবই পীড়াদায়ক বিষয় যে, আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে; আপনাদের অনিচ্ছাকৃত হলেও দুজন মানুষ আহত হয়েছেন। এর কোনোই প্রয়োজন নেই। তাঁর টুইট বার্তায় হৃতিক ভক্তদের জানান, তিনি তাঁদের ভালোবাসা এমনিতেই বুঝতে পারেন। টুইট বার্তায় তাঁদের ভালোবাসা জানান এই অভিনেতা।
টুইট বার্তায় জাবালপুরের ভক্তদের উদ্দেশে হৃতিক লেখেন, আমি আপনাদের ভালোবাসা গভীরভাবে অনুভব করছি। আমার একান্ত অনুরোধ, মোটরবাইকে করে পিছু ধাওয়া করবেন না। এরই মধ্যে বেশ কয়েকজন পথচারী এবং প্রবীণ মানুষ এর কারণে আহত হয়েছেন।
নির্মাতা আশুতোষ গোয়ারিকরের বড় বাজেটের ছবি ‘মহেঞ্জোদারো’। এ ছবিটি ঐতিহাসিক কাহিনি নির্ভর হলেও ছবির গল্পে রয়েছে কল্পনার মিশেল। এ ছবির মাধ্যমেই বলিউড অভিষেক হচ্ছে অভিনেত্রী পূজা হেগদের। পূজা এর আগে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
‘মহেঞ্জোদারো’ ছবির দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে নিজেই অংশ নিয়েছেন হৃতিক। এ ছবিতে বাঘ ও কুমিরের সঙ্গেও লড়তে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে এ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে দুইবার আহতও হয়েছেন তিনি। কিছুদিন আগে শুটিংয়ের সময় হৃতিক আহত হওয়ার কারণে ছবির শুটিংই সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
‘মহেঞ্জোদারো’ ছবিটি আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।