হৃতিক-সুজানের বিচ্ছেদের প্রকৃত কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক ও  সুজানা
হৃতিক ও সুজানা

খবরটি নতুন নয়। আজ থেকে দুবছর আগেই হৃতিক আর সুজানার ১৪ বছরের ভালোবাসার ঘরটি ভেঙে গিয়েছে। বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটির বিবাহবিচ্ছেদের খবরটি যখন জানাজানি হয়, তখন ভক্তদের অনেকেই প্রথমে তা বিশ্বাস করতে চাননি। কিন্তু বাস্তবতা হলো, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তবে হৃতিক বা সুজানা কেউই এ নিয়ে জনসমক্ষে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি এতোদিন, শুধু এদিক-সেদিক মিডিয়ার চাপে অল্প কিছু কথাবার্তা বলেছেন। একটি বিনোদন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হৃতিক বলেছিলেন, ‘বিচ্ছেদ মৃত্যুর চেয়েও ভয়াবহ’। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুজানে।
এক ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুজানার কাছে হৃতিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। উত্তরটা তিনি খুব খোলামেলাভাবেই দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আসলে জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের আলাদা থাকাই ভালো। আমার মনে হয় সতর্ক থাকা এবং মিছে সম্পর্কের বাঁধনে আটকে না থাকাটা গুরুত্বপূর্ণ ছিলো’।
এখন তবে দুজনের সম্পর্কটা কেমন? সুজানা জানিয়েছেন, ‘আমরা ঘনিষ্ট (বন্ধু)। আগের মতো আর একসঙ্গে ঘুরতে বের না হলেও আমরা প্রচুর বার্তা আদান-প্রদান করি’। আলাদা হয়ে গিয়েও পুরোপুরি আলাদা হতে না পারার কারণ তাঁদের সন্তান রেহান এবং হৃধান। সুজানা বলেন, ‘সবকিছু ছাপিয়ে, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। সন্তানদের মুখের দিকে তাকিয়ে, সবকিছু একপাশে রেখে ওদেরকে রক্ষা করাটাই জরুরি বলে মনে করি’।
সম্পর্কটা টেকেনি সত্য, কিন্তু এই জুটি এখনও প্রয়োজনের সময় আগের মতোই একে অন্যের পাশে থাকেন। এই যেমন কিছুদিন আগেও কঙ্গনার সঙ্গে মামলা চলাকালীন হৃতিকের পক্ষে ছিলেন সুজানে। সবার সামনে এসে তিনি স্পষ্ট করেই দাবি করেছিলেন, হৃতিক এবং কঙ্গনার যে ছবিগুলো পাওয়া গেছে, তা ফটোশপের কারসাজির ফসল। মাঝে মাঝেই তাদেরকে একসঙ্গে দেখা যায় এখনও।
দেব দুলাল গুহ
সূত্র: বলিউড লাইফ