হৃতিককে নিয়ে 'বজরঙ্গি ভাইজান'!

এবার ঈদে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ব্যাপক সাফল্যে সম্ভবত খুব বেশি খুশি হতে পারছেন না অভিনেতা-নির্মাতা রাকেশ রোশন। কারণ বছর তিনেক আগে ছেলে হৃতিক রোশনকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ছবিটি বানাতে চেয়েছিলেন রাকেশ। তিন কোটি ২৫ লাখ রুপি দিয়ে ছবির চিত্রনাট্যও কিনতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত ছবিটি বানানোর সুযোগ তাঁর হয়নি।
‘বজরঙ্গি ভাইজান’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিজেন্দ্র প্রসাদ। বছর তিনেক আগে এর গল্প ও চিত্রনাট্য নিয়ে প্রযোজক-পরিচালক রাকেশ রোশনের কাছে যান বিজেন্দ্র। গল্প ও চিত্রনাট্য হাতে পাওয়ার পর দারুণ পছন্দ হওয়ায় ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন রাকেশ। কিন্তু শর্ত জুড়ে দেন বিজেন্দ্র। তিনি রাকেশের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু তাঁর অনুরোধ রাখেননি রাকেশ। সম্প্রতি এক খবরে এসব তথ্য ফাঁস করেছে বলিউড হাঙ্গামা।
অনুরোধ না রাখলেও যেকোনো উপায়ে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন রাকেশ। এমনকি বিজেন্দ্রর কাছ থেকে চিত্রনাট্য কিনতে তাঁকে ৩ কোটি ২৫ লাখ রুপিও দিতে চেয়েছিলেন। কিন্তু লোভনীয় ওই প্রস্তাবে সাঁয় দেননি বিজেন্দ্র। পরে তিনি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে নির্মাতা কবির খানের সঙ্গে দেখা করেন। ছবির চমৎকার গল্প ও চিত্রনাট্য পছন্দ হয় কবির খানের। তিনি দেরি না করে সালমান খানকে নিয়ে ছবিটি তৈরির সিদ্ধান্ত পাকা করে ফেলেন।