হৃতিকের কাছে ক্ষমা চাইলেন পোলিশ মডেল

স্প্যানিশ-পোলিশ মডেল অ্যাঞ্জেলা ক্রিসলিনস্কিকে বলিউড অভিনেতা হৃতিক রোশন ঠিকমতো চেনেনও না। আর সেই মেয়ে নাকি দাবি করে বসলেন, হৃতিক তাঁর গুরু ও খুব কাছের মানুষ! এরপর ভারতের একটি পত্রিকা প্রকাশ করল, ‘অ্যাঞ্জেলা কি হতে যাচ্ছে নতুন বারবারা মোরি?’
বারবারা মোরির কথা মনে আছে নিশ্চয়ই? ২০০৯ সালে অনুরাগ বসুর কাইটস ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি হয়ে বলিউড অভিষেক হয়েছিল উরুগুয়ের এই মডেলের। এরপর তাঁদের দুজনের প্রেম, ভালোবাসা ও অন্তরঙ্গতা নিয়ে ছড়িয়েছিল নানা কথা। যাক, সেসব পুরোনো কথা। কিন্তু এই অ্যাঞ্জেলার ব্যাপারটা তো জানা দরকার। তাই বিষয়টা সম্প্রতি নিজেই খোলাসা করলেন এই মডেল। ক্ষমা চাইলেন হৃতিকের কাছে।
হৃতিকের সঙ্গে দুটো বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুযোগ হয়েছিল অ্যাঞ্জেলার। মডেল থেকে এবার ভারতের চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। ৩১ মার্চ মুক্তি পেয়েছে তাঁর তেলেগু ছবি রোগ। এক সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী বলেন, হৃতিকের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর কয়েকটি কথায় ভীষণ অনুপ্রেরণা পেয়েছেন তিনি। এই বক্তব্য ধরেই একটি পত্রিকা প্রকাশ করে হৃতিকের সঙ্গে অ্যাঞ্জেলার অন্তরঙ্গ হওয়ার বিভ্রান্তিকর এক খবর। বিদেশি এই মডেলের সঙ্গে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় চটেছিলেন হৃতিক। অ্যাঞ্জেলা অবশ্য ক্ষমা চেয়ে সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ‘আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি হৃতিক স্যার। ওই সংবাদটির বিভ্রান্তিকর শিরোনামের জন্য আমি দুঃখিত।’ অ্যাঞ্জেলার এই টুইটের জবাবে তাঁকে সাধুবাদ জানান হৃতিক। তাঁর এই ক্ষমা চাওয়াকে উদারতা হিসেবে বিবেচনা করে হৃতিক লেখেন, ‘তোমার ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।’ সূত্র: ফার্স্ট পোস্ট