হৃতিকের কাছে হার মানলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখুঁত কাজ করেন বলে বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেয়েছেন ‘ধুম ৩’ তারকা আমির খান। সেই আমিরই কি না হার মানলেন ‘কৃশ তারকা’ হৃতিক রোশনের কাছে! ‘ব্যাং ব্যাং’ ছবির গানে হৃতিকের নাচ দেখার পর সম্প্রতি আমির মন্তব্য করেন, ‘হৃতিক যতটা ভালো নাচেন তার অর্ধেকও যদি আমি নাচতে পারতাম!’

‘ব্যাং ব্যাং’ ছবির টিজার ও ‘তু মেরি’ গানের পর সম্প্রতি ‘মেহেরবান’ শিরোনামের আরেকটি নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। ‘তু মেরি’ গানে হৃতিকের অসাধারণ নৃত্যশৈলী মুগ্ধ করেছে দর্শকদের। শুধু তা-ই নয়, ইউটিউবে গানটি প্রকাশিত হওয়ার মাত্র দুই দিনের মাথায় ২০ লাখেরও বেশিবার দেখা ও শোনা হয় দ্রুত লয়ের গানটি। বলাই বাহুল্য, এর মধ্য দিয়ে বছরের অন্যতম ব্লকবাস্টার গান হতে যাচ্ছে ‘তু মেরি’।

এ ছাড়া ইউটিউবে ছবির টিজার মুক্তির মাত্র ১০ দিনে এক কোটি হিট দখলে নিয়ে বলিউডের ছবির ইতিহাসে বিরল নজিরই গড়ে ‘ব্যাং ব্যাং’।

আমির খান-হূতিক রোশন
আমির খান-হূতিক রোশন



বরাবরই নাচে পারদর্শিতার প্রমাণ দিয়েছেন নির্মাতা-অভিনেতা রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশন। ‘ব্যাং ব্যাং’ ছবিতেও তার ধারাবাহিকতা ধরে রেখে ফের দর্শক ও ভক্তদের হূদয় জয় করে নিয়েছেন জুনিয়র রোশন। আরও অনেকের মতো আমির খানও হৃতিকের পাশাপাশি ‘ব্যাং ব্যাং’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

হৃতিক ও ‘ব্যাং ব্যাং’ ছবির প্রতি মুগ্ধতা প্রকাশ করে এক টুইটার বার্তায় আমির লিখেছেন, ‘হৃতিক যতটা ভালো নাচেন তার অর্ধেকও যদি আমি নাচতে পারতাম! ‘‘ব্যাং ব্যাং’’ ছবির গান আমার খুব ভালো লেগেছে। আর ‘‘ব্যাং ব্যাং’’ ছবির টিজার এক কথায় অসাধারণ। হৃতিক তাঁর দুই হাতে পিস্তল ধরে পানির নিচ থেকে উঠে আসার দৃশ্যটি আমার দারুণ লেগেছে। ২ অক্টোবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একদমই তর সইছে না।’

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ব্যাং ব্যাং’ ছবি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২ অক্টোবর। ছবির পরিচালক ‘সালাম নমস্তে’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। ফক্স স্টার প্রযোজিত ‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃতিক-ক্যাটরিনা ছাড়া আরও অভিনয় করেছেন বিপাশা বসু, জাভেদ জাফরি, জিমি শেরগিল, পবন মালহোত্রা প্রমুখ। ২০১০ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-কমেডি ঘরানার হলিউডের ছবি ‘নাইট অ্যান্ড ডে’র হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’। ‘নাইট অ্যান্ড ডে’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজ।