হৃতিকের চ্যালেঞ্জ নিলেন শাহরুখ

‘কৃশ’ তারকা হৃতিক রোশনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। শাহরুখ অভিনীত নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাচ্ছে ২৪ অক্টোবর। ছবিটিতে শাহরুখের এইট প্যাক দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকেরা। ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে দারুণ পেশিবহুল শরীর বানিয়েছেন শাহরুখ। সম্প্রতি কিং খানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাঁর শরীরচর্চার ছবি দেখতে চান হৃতিক। এর জবাবে ছবি নয়, ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। ভিডিওতে দেখা গেছে, কীভাবে কঠোর শরীরচর্চার মাধ্যমে এইট প্যাক বানিয়েছেন তিনি।
হৃতিক অভিনীত ‘ব্যাং ব্যাং’ ছবিটি মুক্তি পাচ্ছে ২ অক্টোবর। সম্প্রতি টুইটারে #ব্যাংব্যাংডেয়ার শিরোনামে এক প্রচারণা শুরু করেছেন হৃতিক। এরই অংশ হিসেবে সোনম কাপুর, উদয় চোপড়া, শাহরুখ খানসহ বলিউডের বন্ধু ও সহকর্মীদের শরীরচর্চা-সংক্রান্ত নানা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন হৃতিক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
শাহরুখের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে হৃতিক এক টুইটার বার্তায় লিখেছিলেন, ‘#ব্যাংব্যাংডেয়ার@আইঅ্যামএসআরকে, আপনার পেটের অসাধারণ মাংসপেশি বানানোর শরীরচর্চার ছবিগুলো আমাদের দেখান। আপনার হাতে তিন দিন আছে। কবুল?’
৪৮ বছর পেরিয়ে গেলে কী হবে, কারও চ্যালেঞ্জে দমে যাওয়ার পাত্র নন কিং খান। হৃতিকের চ্যালেঞ্জ পাওয়ার পর কঠোর শরীরচর্চার ভিডিও ধারণ করে সেটি ইউটিউবে পোস্ট করেন বলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় এ তারকা অভিনেতা।