হৃতিকের চ্যালেঞ্জের জবাবে র্যাপ গাইলেন নার্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন-নার্গিস ফাখরি
হৃতিক রোশন-নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি নিজেই জানতেন না তিনি যে র‌্যাপ গান গাইতে পারেন। তাঁর ভেতরের এই গুণ জনসমক্ষে নিয়ে এসেছেন হৃতিক রোশন। ‘ব্যাং ব্যাং’ ছবির প্রচারণার অংশ হিসেবে ‘ব্যাং ব্যাং ডেয়ার’ চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিচ্ছেন বন্ধু ও সহকর্মীদের। তাঁর চ্যালেঞ্জে সাড়াও মিলছে। শাহরুখ খান, রণবীর সিং, ফারহান আখতারের পর এবার হৃতিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। জনসমক্ষে র‌্যাপ গান গেয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। 

এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘হৃতিক রোশন আমাকে র‌্যাপ গান গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমিও স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে র‌্যাপ গান গেয়েছি। জিকিউ ম্যাগাজিন আয়োজিত একটি অনুষ্ঠানের সঞ্চালনা করার আগে আমি র‌্যাপ গানে কণ্ঠ দিয়েছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 

দেখে সহজ মনে হলেও র‌্যাপ গান গাওয়ার বিষয়টি মোটেও সহজ ছিল না বলেই জানিয়েছেন এই ‘রকস্টার’ তারকা। এ প্রসঙ্গে নার্গিসের ভাষ্য, ‘সত্যি বলতে কি, কাজটি খুবই কঠিন ছিল আমার জন্য। কিন্তু কীভাবে যেন কাজটি করে ফেলেছি। আমি নিজেও জানি না, কীভাবে এটা করলাম! গানের কথাগুলো তিরের মতো আমার মুখ থেকে ছুটে বের হয়েছে। কোনো রকম মহড়া ছাড়াই আমি র‌্যাপ গান গেয়েছি।’