হেমা মালিনীর গাড়িচালক আটক

সড়ক দুর্ঘটনায় আহত বলিউডের অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনীর গাড়িচালককে আজ শুক্রবার ভারতীয় দণ্ডবিধির ২৭৯,৩০৪, ৩৩৭ ও ৩৩৮ ধারায় গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজস্থানে হেমা মালিনীকে বহনকারী মার্সিডিজ গাড়ির সঙ্গে একটি মারুতি গাড়ির সংঘর্ষ হলে আহত হন হেমা মালিনী। তাঁর কপাল কেটে যাওয়ায় চারটি সেলাই দিতে হয়। মেরুদণ্ড ও পায়েও আঘাত পান তিনি। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত হয় মারুতি গাড়িতে থাকা চার বছর বয়সী সোনম। আহত হয় নিহত মেয়েটির মা-বাবা ও ভাই।

হেমা মালিনী সড়ক দুর্ঘটনায় আহত|
এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা আয়ুষ্মান ভোমিয়ার উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে সোনম নামের একটি মেয়ে মারা গেছে। সোনমের মা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই হেমা মালিনীর গাড়িচালক মুকেশ ঠাকুরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অসতর্ক অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আজ তাঁকে ভারতীয় দণ্ডবিধির ২৭৯,৩০৪, ৩৩৭ ও ৩৩৮ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

দুর্ঘটনার পর হেমা মালিনীর কপালের বাম পাশ কেটে রক্ত ঝরতে থাকে। রক্তাক্ত অবস্থায় মার্সিটিজ গাড়ি থেকে নামার সময় ক্যামেরাবন্দী হন তিনি। দ্রুত তাঁকে জয়পুরের ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। আজ সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান তাঁর মেয়ে বলিউডের অভিনেত্রী এষা দেওল।