হেরেও জিতলেন সালমান!

এবার ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ও প্রযোজিত বছরের অন্যতম আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি ঝুলিতে ভরলেও বক্স অফিস যুদ্ধে সমসাময়িক দুই অভিনেতা আমির ও শাহরুখ খানকে শেষপর্যন্ত টপকাতে পারেননি সালমান। শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ ও আমিরের ‘ধুম ৩’ ছবির কাছে হেরে গেছে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। কিন্তু হেরেও জিতেছেন সালমান। কেবল দর্শক নয়, বলিউডের অনেক তারকাই ছবিটি দেখে মুগ্ধ। ছবির পাশাপাশি সালমানের অভিনয়েরও প্রশংসা করছেন তাঁরা। এটিকে সালমান অভিনীত সেরা ছবি বলে রায় দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান।
বক্স অফিস আয়ের দৌড়ে হেরে গেলেও বন্ধু ও সহকর্মী আমির খানের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন সালমান। ‘বজরঙ্গি ভাইজান’ ছবি দেখে কেঁদে ফেলেন আমির। পরে এক টুইটার বার্তায় লেখেন, ‘এইমাত্র ‘‘বজরঙ্গি ভাইজান’’ দেখলাম। অসাধারণ! এখন পর্যন্ত সালমানের সেরা ছবি এটি। এটিই সালমানের সেরা অভিনয়।’
‘বজরঙ্গি ভাইজান’ যেটুকু সময়ে ১০২ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে সেই একই সময়ে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ আয় করেছিল ১০৮ কোটি ৮৬ লাখ রুপি। আর আমির খানের ‘ধুম ৩’ ছবির আয়ের পরিমাণ ছিল ১০৭ কোটি ৬৭ লাখ রুপি। এক খবরে এ তথ্য জানিয়েছে বলিউডলাইফ ডটকম।