১০ কেজি ওজন ঝরাতে আবারও জিমে জাহ্নবী

জাহ্নবী কাপুর প্রথমত পরিচিত শ্রীদেবী-কন্যা হিসেবে, তারপর ‘জিমগার্ল’ হিসেবে। আর তৃতীয়ত, অভিনয়শিল্পী হিসেবে। যত দিন তিনি কাজ করবেন, ‘শ্রীদেবী-কন্যা’ ট্যাগলাইন তাঁর নামের আশপাশ থেকে সরবে না। আর গণমাধ্যম জাহ্নবীর যত ‘জিম লুক’ প্রকাশ করেছে, তার সঙ্গে অন্য কারও তুলনা চলে না! মাঝে তো কয়েকজন জাহ্নবীর জিমে যাওয়ার প্যান্টের দৈর্ঘ্য নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।
এরপর তো জাহ্নবী হাত জোর করে পাপারাজ্জিদের বলেছেন, জিমে পরে আসার মতো নতুন জামা আর অবশিষ্ট নেই। এবার শুধু পাজামাগুলো বাকি আছে। তারপরও নিয়মিত গণমাধ্যমে এসেছে জাহ্নবীর জিমের ছবি। উজ্জ্বল হাসিতে জিমে যাচ্ছেন বা জিম থেকে বেরোচ্ছেন—এ রকম ছবি দেখে দেখেও ক্লান্ত হন না ভক্তরা। মানুষের এত আগ্রহ দেখে জাহ্নবী জিমনেশিয়ামের ভেতরে শরীরচর্চার ছবিও প্রকাশ করতে শুরু করলেন। আর সবাই জানল, শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পেছনে দরজাবদ্ধ জিমনেশিয়ামেও ঘাম ঝরান জাহ্নবী কাপুর।
এরপর কিছুদিন জাহ্নবীকে আর জিমে আসতে দেখা যায়নি। পাপারাজ্জিরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে বসে ক্লান্ত হয়ে ফিরে গেছেন, জাহ্নবীর দেখা পাননি। ঘটনা হলো, জাহ্নবী গুঞ্জন স্যাক্সেনার বায়োপিক ‘কার্গিল গার্লে’র শুটিংয়ে ব্যস্ত। এই ছবির জন্য তাঁকে ছয় কেজি ওজন বাড়াতে হয়েছে। তাই জিমের কথা ভুলে থাকতে হয়েছে তাঁকে। আর ইচ্ছামতো খাইদাই চলেছে। কিন্তু সেই দিনগুলো ফুরিয়ে গেছে। দিন ফিরেছে পাপারাজ্জিদের।

এখন আবার ‘রুহ আফজা’ ছবির জন্য তাঁকে সব মিলিয়ে ১০ কেজি ওজন ঝরাতে হবে। তাই খাওয়াদাওয়া ভুলে এখন জিমে কঠোর অনুশীলন করতে হচ্ছে। আর কার্গিল গার্লের যে অংশের শুটিং বাকি আছে, সে জন্য পেশিবহুল হাত বানাতে হবে। ফিল্মফেয়ারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জাহ্নবীর কাছের সূত্র জানিয়েছে, জাহ্নবী এখন সপ্তাহে ছয় দিন আর প্রতিদিন তিন ঘণ্টা করে শরীরচর্চা করছেন। এর মধ্যে প্রথম দুই দিন তিনি ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেশন নিচ্ছেন। তিনি পাইলটের চরিত্র করতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন। তাই প্রশিক্ষকেরা প্রতিদিন তাঁর শরীরচর্চায় কঠোর নজর রাখছেন।
এ ছাড়া সামনে পাইপলাইনের মুখে অপেক্ষা করছে করণ জোহরের দুই ছবি, ‘দোস্তানা টু’ ও ‘তখত’। ‘দোস্তানা টু’ তে জাহ্নবী কাপুর জুটি বাঁধবেন কার্তিক আরিয়ানের সঙ্গে। আর একজন নতুন মুখকেও দেখা যাবে সেখানে। অন্যদিকে রণবির সিং, কারিনা কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকার, অনিল কাপুর, জাহ্নবী কাপুরদের মতো বড় তারকাদের সন্নিবেশে নির্মিত হবে ‘তখত’।