১০ বছর পর নিজের বাংলোয় দিলীপ কুমার

অবশেষে বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু তাঁদের আইকন বাংলোর দখল বুঝে পেয়েছেন। দীর্ঘ এক দশক অপেক্ষার পর তাঁদের কাছে বাংলোর চাবি হস্তান্তর করা হয়েছে। বাংলোর দখল বুঝে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়রা বানু জানান, এই মুহূর্তে তাঁরা খুব খুশি। তবে এ যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করলেও গত ১০ বছর যে ভোগান্তি ও যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তা বর্ণনাতীত। সেই কষ্ট আর হতাশা বর্ণনা করা সহজ নয়।
এক প্রশ্নের জবাবে সায়রা বানু বলেন, ‘যারা আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাদের আমি কেবল ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং আশা করি তারা এ থেকে বুঝতে পেরেছে যে শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ের জয় হয়।’
সায়রা বানু বলেন, ‘এটা এমন একসময়ে পেলাম, যখন দিলীপ কুমার নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি যাদের বিশ্বাস করেছিলেন, তারাই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা মেনে নেওয়া তাঁর জন্য খুবই কষ্টের। তিনি শারীরিক ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন।’
সায়রা বানু আরও বলেন, ‘আমরা ঈশ্বরের ইচ্ছায় ন্যায়বিচার পেয়েছি। আমি আশা করি, অপরাধীরা বুঝতে পেরেছে যে আমরা যে দেশে বাস করি, সেখানে একটি সুষ্ঠু ও নিখুঁত বিচারব্যবস্থা আছে। সর্বোপরি, একটি ঐশ্বরিক আদালত রয়েছে যা নির্দোষ ও সত্যবাদীকে রক্ষা করে এবং সহায়তা প্রদান করে। ডেকান ক্রনিকল