১০০০ জুতা দান করলেন মনোজ

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি ভারতের নয়াদিল্লির একটি স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এক হাজার জুতা দান করলেন। গত সোমবার দিল্লির এনপি বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে গিয়ে তিনি শিক্ষার্থীদের মধ্য জুতা বিতরণ করেন।
মনোজ বাজপেয়ির নতুন ছবি ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর প্রচারের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মনোজের সঙ্গে আরও ছিলেন ভারতের ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনোজ গোয়েল। অন্যরকম এই কর্মসূচিটি নিয়ে মনোজ বাজপেয়ি একটি বিবৃতিতে বলেন, ‘এখনো ভারতের অনেক শিক্ষার্থী দরিদ্রতার কারণে খালি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ভালো এক জোড়া স্পোর্টস জুতা পৌঁছে দেওয়ার। আশা করছি এই ছোট্ট উপহার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত হতেও অনুপ্রাণিত করবে।’
নতুন ছবি ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর গল্পে এক সুবিধাবঞ্চিত শিশুর সংগ্রামকে দেখানো হয়েছে। দরিদ্র একটি পরিবার থেকে উঠে এসে ম্যারাথন দৌড়ে ইতিহাস গড়েছিল সেই ছেলেটি। তাঁর জীবনী থেকেই এ ছবিটি তৈরি। ছবিতে ‘বুধিয়া’ চরিত্রে ময়ূর পাতোলে নামে যে শিশুটি অভিনয় করেছে, সে-ও খুব দরিদ্র পরিবারের। ১২০০ শিশুশিল্পীর অডিশন নেওয়ার পর পুনের এক বস্তি থেকে ময়ূরকে ‘বুধিয়া’ চরিত্রের জন্য বাছাই করেন ছবির নির্মাতা সৌমেন্দ্র পাড়ি। আর এ ছবিতে মনোজ অভিনয় করেছেন ‘বুধিয়া’র দৌড় প্রশিক্ষক বিরাঞ্চি দাসের চরিত্রে। ছবিটি আগামী ৫ আগস্ট মুক্তি পাবে ভারতে। আইএএনএস।