১০২ বছরে অমিতাভ!

ঘাবড়াবেন না যেন! শিরোনামটা ঠিকই আছে। অমিতাভের বয়স এখন ১০২ বছর। হবে না? ৭৫ বছর বয়সী ঋষি কাপুরের বাবা হতে গেলে বয়সটা একটু বাড়াতে হয় বৈকি।
তা-ই ঘটেছে। তবে বাস্তবে নয়, চলচ্চিত্রে। ছবির নাম ‘১০২ নট আউট’। সেখানেই ঋষি কাপুরের বাবা হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। সোমবার সাদা দাড়ি আর চুলে ক্যামেরায় ধরা পড়েন ‘বিগ বি’। অবশ্য শুটিংয়ে ঋষি কাপুর ছিলেন না। দুজনের ফার্স্ট লুক এ মাসের শুরুতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার ধরা পড়লেন ক্যামেরায়। প্রতিদিন ঠিকভাবে লুকটি নিতে বিগ বিকে দুই ঘণ্টা সময় নিতে হয়। অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে একসঙ্গে দেখা যায় বিখ্যাত ছবি ‘অমর আকবর অ্যান্থনি’তে। এ ছাড়া এই জুটি করেছে ‘কাভি কাভি’ ও ‘নসিব’ ছবি দুটি। শেষ দেখা যায় ‘আজুবা’ ছবিতেও। ২৬ বছর পর আবার ক্যামেরার সামনে তাঁরা এলেন এই জুটি হিসেবে। ছবিটি পরিচালনা করছেন উমেশ শুক্লা।
সূত্র: এনডিটিভি