১২ কোটি চেয়েছেন দীপিকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

বলিউডে ছবি করতে নাকি বেশি সম্মানী চেয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এই বলিউড তারকার নামে এমনই এক অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দীপিকার ঘনিষ্ঠজনেরা। কেননা যে পরিচালকের ছবিকে ঘিরে এ অভিযোগ, বলিউডে তিনি দীপিকার অন্যতম ঘনিষ্ঠ নির্মাতা। ফলে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে অভিনয়ের জন্য দীপিকা মোটা অঙ্কের সম্মানী দাবি করবেন—সেটা গুজব।
তবে বিষয়টি সত্য হওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। গত কয়েক বছরে সঞ্জয়-দীপিকা একত্রে বেশ কিছু ভালো ছবি করেছেন। সেসব ছবির দৌলতে বলিউডের দীপিকা এখন হলিউডে ছবি করছেন। ফলে একটু বেশি সম্মানী দাবি করাটা তাঁর জন্য অযৌক্তিক নয়। সঞ্জয়ের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা থাকলেও ঘটনার সত্যতা জানার চেষ্টা করছেন সিনে সাংবাদিকেরা। তবে দীপিকার ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে যে ঘটনাটি সত্য নয়। দীপিকা এখনো ‘পদ্মাবতী’তে চুক্তিবদ্ধই হননি। সুতরাং টাকাপয়সা নিয়ে কথাও ওঠেনি।
ক্যারিয়ারের চূড়ায় অবস্থান করছেন দীপিকা পাড়ুকোন। গত বছর একই সঙ্গে ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘তামাশা’র মতো তিনটি ছবি উপহার দিয়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। কাজ শুরু করেছেন হলিউডে, ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্মানী নেওয়া বলিউড তারকার তালিকায় থাকা কঙ্গনা রনৌত তাঁর ‘তানু ওয়েডস মানু’-এর জন্য নিয়েছিলেন ১১ কোটি রুপি। বলিউডে এই পরিমাণ পারিশ্রমিক অবশ্য আর কেউ নেন না। ফলে কত হাঁকতে পারেন দীপিকা? অনেকে বলছেন, সেটা ১২ কোটির নিচে নয়।
‘পদ্মাবতী’ আদৌ হবে কি না, এ নিয়েও সঠিক তথ্য পাওয়া যায়নি। ছবিতে পদ্মাবতীর স্বামীর চরিত্রে অভিনয়ের কথা ছিল ভিকি কুশলের। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য আছে জানার পর ছবিতে কাজ করতে অসম্মতি জানিয়েছিলেন দীপিকা।