১৩ বছর পর পূজা ভাট ক্যামেরার সামনে

দিল হ্যায় কি মানতা নেহি, চাহাত, বর্ডারসহ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। একটা সময়ে বলিউডে নিয়মিত অভিনয় করলেও সর্বশেষ ২০০১ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত হিন্দি ছবি এভরিবডি সেইজ আই অ্যাম ফাইন। ২০০১ সালে টরন্টো চলচ্চিত্র উৎসবে ছবিটি মুক্তি পায়। এরপর আর অভিনয়ে দেখা যায়নি পূজাকে। ছবি প্রযোজনা ও পরিচালনার মধ্য দিয়ে পুরোদস্তুর ক্যামেরার পেছনের মানুষ হয়ে যান তিনি। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর বড় পর্দায় ফিরছেন পূজা। রীমা কাগতির মিস্টার চালু ছবিতে অভিনয় করবেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
রোমান্টিক-কমেডি ঘরানার মিস্টার চালু ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন পূজা ভাট। ২০১৫ সালের জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মুম্বাই মিরর।
এদিকে শোনা যাচ্ছে, শুরুতে চরিত্রটির জন্য টাবুর সঙ্গে আলোচনা করেন ছবির দুই প্রযোজক রিতেশ ও ফারহান। কিন্তু পরে চরিত্রটির জন্য পূজাকে বেশি মানানসই মনে করায় পূজার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পূজা বলেন, ‘আমি এখনো অভিনেত্রী কি না, জানতে চেয়ে আমাকে এসএমএস পাঠান রিতেশ। জবাবে আমি বলি, একজন অভিনয়শিল্পী সব সময়ের জন্যই অভিনয়শিল্পী। ছবিটিতে যেন-তেন নারী চরিত্রে আমাকে দেখা যাবে না। স্বকীয়তা বজায় রেখেই আমি অভিনয় করব। ছবির বিরতির ঠিক আগ মুহূর্তে আমার চরিত্রটি পর্দায় হাজির হবে, থাকবে শেষ পর্যন্ত।’