১৭ বছর পর একসঙ্গে...

শেষবার একসঙ্গে যখন কাজ করেছিলেন, তখন বলিউড পেয়েছিল ব্যবসাসফল একটি ছবি। সেই ছবির নাম ‘হাম দিল দে চুকে সানাম’। এরপর থেকে আর কোনো ছবিতেই একসঙ্গে কাজ করেননি সঞ্জয়লীলা বানসালি ও অজয় দেবগন। গুঞ্জন শোনা যাচ্ছে, এই নির্মাতা-অভিনেতা জুটি নতুন একটি ছবিতে কাজ করবেন। তবে পরিচালক বানসালি ছবিটি প্রযোজনা করবেন, পরিচালনা নয়।
ছবির গল্প কিংবা অন্য পাত্রপাত্রীর ব্যাপারে কোনো তথ্য ফাঁস না হলেও জানা গেছে, নতুন সেই ছবি হবে একটি দক্ষিণ ভারতীয় ছবির রিমেক। ছবিতে সঞ্জয়লীলা বানসালির সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকবেন সাবিনা খান।
এর আগেও কয়েকবার অজয় দেবগনের সঙ্গে কাজের পরিকল্পনা করেছিলেন সঞ্জয়লীলা বানসালি। কিন্তু কোনোবারই ব্যাটে-বলে মেলেনি। সর্বশেষ বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির জন্যও অজয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এ নির্মাতা। কিন্তু অজয় সময় দিতে পারেননি সে সময়। তাই ‘বাজিরাও মাস্তানি’ চলে যায় রণবীর সিংয়ের ঝুলিতে। এবার দেখার অপেক্ষা, অজয় এই যাত্রায় আবারও কি ফিরিয়ে দেবেন বানসালিকে, নাকি বলিউড আবারও পাবে ‘হাম দিল দে চুকে সানাম’-এর মতো কোনো হিট ছবি। বলিউড বাবল।