১৮ বছর পর জবাব পেলেন রণবীর

বহুকাল আগের কথা। শুটিংয়ের সেটে নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর। দুজনে একসঙ্গে তুলেছিলেন একটি আলোকচিত্র। সেই ছবি দেখিয়ে রণবীর একজনের কাছে জানতে চেয়েছিলেন, কেমন লাগছে দুজনকে? সেই জবাব তিনি পেলেন প্রায় ১৮ বছর পর।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন নিয়ে কত গুঞ্জন। রটেছে বচ্চন পরিবারের নাখোশ হওয়ার খবরও। তবু নতুন এই ছবির ট্রেলার ও গান লুফে নিয়েছেন দর্শক। কিন্তু তাঁদের একসঙ্গে কেমন লাগছে, এর উত্তর দিতে এত সময় লাগল কেন?
সেই ১৯৯৯ সালে পরিচালক ঋষি কাপুরের ‘আ আব লোট চালো’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির তাঁর নায়ক রণবীর কাপুরও তখন ছিলেন সেই ছবিতে। নায়ক নন, সহকারী পরিচালক হিসেবে। রণবীরের তখন কেবল সতেরো কি আঠারো। নায়িকার সঙ্গে একটি ছবি তুলেছিলেন ছবির সহকারী পরিচালক। বন্ধু রুমি জাফরির কাছে রণবীর জানতে চেয়েছিলেন, দুজনকে কেমন মানিয়েছে? সেদিন চেপে গিয়েছিলেন তিনি। এত বছর পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেন রুমি জাফরি। লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক দিন আগে তোমাদের এ ছবিটা তুলেছিলাম। জানতে চেয়েছিলে কেমন লাগছে? নতুন ছবিতে তোমাদের দারুণ মানিয়েছে। কামনা করি, তোমাদের ছবি ব্যবসাসফল হোক।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।