১৮ বছর বয়সেই লেখিকা!

বলিউডে নায়িকা হিসেবে একেবারেই সফল হতে পারেননি রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইংকেল খান্না। কিছুদিন আগে নির্মাতা করণ জোহরের সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এ এসে টুইংকেল নিজেই স্বীকার করেন, তিনি এতই বাজে অভিনয় করতেন যে দর্শক তাঁকে বেমালুম ভুলে গেছেন।
তবে আবারও নতুন করে আলোচনায় এসেছেন এই শিল্পী। অভিনয় দিয়ে নয়, বরং তাঁর লেখনীই তাঁকে নতুন করে সংবাদের শিরোনাম হতে সাহায্য করেছে। নায়িকা হিসেবে ব্যর্থ হয়ে টুইংকেল লেখালেখি শুরু করেছেন—এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। কারণ, বলিউডে নাম লেখানোর দু-তিন বছর আগেই তিনি একটি বই লেখা শুরু করেছিলেন। তখন তাঁর বয়স মাত্র ১৮। লেখালেখির শুরু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৮, তখন একটি বইয়ের অর্ধেকটা লিখে ফেলেছিলাম। এমনকি আমার শেষ বই দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ-এর কয়েকটি চরিত্র আমার সেই বইয়ের পাণ্ডুলিপি থেকেই নেওয়া। তিনবার বইটি লিখতে বসেও শেষ করতে পারিনি। অবশেষে সেই লেখা শেষ করলাম।’
টুইংকেল খান্নার প্রথম বই মিসেস ফানি বোনস এক লাখের বেশি কপি বিক্রি হয়েছে। ২০১৫ সালে ভারতে আর কোনো নারী লেখকের বই এত পরিমাণে বিক্রি হয়নি। তাই এটা বললে নিশ্চয়ই ভুল হবে না যে অভিনয় নয়, লেখালেখিই টুইংকেলের জন্য সঠিক পথ। দ্য ইকোনমিক টাইমস।