২০ বছর কথা বলা বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

‘ডর’ ছবিতে শাহরুখ খানের সেই জনপ্রিয় সংলাপ—‘কি কি কি...কিরণ’—মনে আছে? এই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য নির্মাতা যশ চোপড়া পেয়েছিলেন সেরা চলচ্চিত্রের পুরস্কার। ওই সময় সানি দেওল বলিউডের প্রতিষ্ঠিত নায়ক। আর শাহরুখ বলতে গেলে নবাগত। এই ছবির পর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে তরুণ এই তারকার নাম। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ‘ডর’ ছবির নায়ক সানি দেওল। এরপর থেকে শাহরুখের সঙ্গে সানির শীতল সম্পর্ক। একটি সিনেমা করার পর তাঁরা আর একসঙ্গে কাজ করেননি। এমনকি যশ চোপড়ার কোনো ছবিতেও আর অভিনয় করবেন না বলে জানিয়ে দেন।

‘ডর’ ছবি তৈরির আগে যশ চোপড়া সানি দেওলকে পছন্দের চরিত্র বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। ছবির নায়ক হবেন নাকি খলনায়ক, সেটি ছিল তাঁর হাতে। কিন্তু সানি চোখ বন্ধ করেই নায়কের চরিত্র বেছে নেন। কারণ, নেতিবাচক চরিত্রের প্রতি তাঁর কোনো ঝোঁক ছিল না। তিনি খলনায়কের চরিত্রে ফিরিয়ে দেওয়ায় লাভ হয় শাহরুখ খানের। কারণ, ছবির গল্প অনুযায়ী এখানে খলনায়কই আসল নায়ক। শুধু সানি দেওলই নন। তাঁর আগে আমির খান আর অজয় দেবগনও নাকি নেতিবাচক এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। একমাত্র ‘কিং খান’ সেই সুযোগ লুফে নিয়েছিলেন।

সানি দেওল
সানি দেওল

ছবি তৈরির পর দেখা গেল, এখানে নায়কের পাত্তাই নেই। নায়িকা জুহি চাওলা আর খলনায়ক শাহরুখকে নিয়েই যত মাতামাতি। সিনেমাটি শাহরুখকে এনে দেয় তারকাখ্যাতি। তাতে খেপে যান সানি দেওল। তিনি বলেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। চুক্তির আগে তাঁকে জানানো হয়নি যে চিত্রনাট্যে নায়কের থেকে খলনায়ককে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

এর মধ্যে পার হয়ে গেছে ২৪ বছর। এই দুই যুগেও কোনো অনুষ্ঠানে সানি ও শাহরুখকে সেভাবে কথা বলতে দেখা যায়নি। তবে ২০১৩ সালে এক অনুষ্ঠানে এই দুই নায়কের দেখা হয়েছিল। সেই অনুষ্ঠানে এসে দীর্ঘ দুই দশক পর সানি দেওল শাহরুখের সঙ্গে কথা বলেন। আর কিছুদিন আগে সানি দেওল তাঁর ছেলে করণের বলিউড অভিষেকের খবর প্রকাশ করার পর শাহরুখ তাঁকে শুভেচ্ছা জানান। শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সানিকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘ধন্যবাদ পাপা, তোমার ছেলে তোমার মতোই বিনয়ী ও সাহসী।’

তাহলে কি সময়ের স্রোতে এই দুই তারকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? হতেও পারে, কারণ প্রিয় বন্ধু সালমান খানের সঙ্গে তো একবার ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ। বছর খানেক আগে সেই রাগও ভেঙে গেছে। এখন তাঁদের গলায়-গলায় বন্ধুত্ব। ইন্ডিয়া টিভি